শীত মানেই শুধু লেপ-কম্বল আর গরম পানীয়ে চুমুক দিয়ে আরাম উপভোগ করা নয়। ঠান্ডা যত বাড়ে, ততই নীরবে বেড়ে যেতে পারে রক্তচাপ। অনেক ক্ষেত্রে মানুষ তা টেরও পায় না। শীতের সময় প্রেশার বেড়ে যাওয়ার এই বিষয়টিকে অনেকেই হালকাভাবে নেন। তবে যাঁদের আগে থেকেই উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যা রয়েছে কিংবা যাঁদের বয়স বেশি, তাঁদের জন্য শীতের এই সময়টা হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
শীতকালে কেন প্রেশার বাড়ে? ঠান্ডায় শরীরের রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। শরীর ভেতর থেকে নিজেকে গরম রাখতে চায় বলেই রক্তনালি সরু হয়ে রক্ত চলাচলের ওপর চাপ বাড়ায়। এর ফলে রক্তচাপ বেড়ে যায়। পাশাপাশি শীতে পানি কম পান করা হয়, মাঝেমধ্যে একটু বেশি লবণ-তেল-মসলাদার খাবার খাওয়া হয় এবং হাঁটাচলাও কমে যায়। এসব কারণে প্রেশার বাড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। এ ছাড়া সকালে ঘুম থেকে উঠেই ঠান্ডা পানিতে মুখ ধোয়া, খালি গায়ে বারান্দায় যাওয়া কিংবা হঠাৎ ঠান্ডা হাওয়ায় বেরিয়ে পড়ার মতো ছোট ছোট অভ্যাসও অনেক সময় হঠাৎ প্রেশার বাড়িয়ে দেয়।
কারা বেশি সাবধান থাকবেন? যাঁদের আগে থেকেই উচ্চরক্তচাপ, হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে, যাঁরা বয়স্ক এবং যাঁরা নিয়মিত প্রেশারের ওষুধ খান—তাঁদের এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চিকিৎসকেরা বারবার সতর্ক করে জানান, শীতের সকালে হঠাৎ প্রেশার বেড়ে যাওয়ায় তাঁদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়।

