যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণেই জ্বালানি তেলের দামের ওঠানামা ও শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই ফলকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বাড়ার কারণ হিসেবেও যুক্ত করেছেন তিনি। গত ৩ নভেম্বরের নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের বিরুদ্ধে জনরায় গেলে আর্থিক বাজার ক্ষতিগ্রস্ত হবে এবং ইরান আরও সাহসী হয়ে উঠবে—এমন পূর্বাভাস তিনি আগেই দিয়েছিলেন। তিনি লেখেন, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজার বড় পতনের মুখে পড়বে এবং ইরান হামলায় আরও আগ্রাসী হবে—এই দুটি পূর্বাভাসই সত্যি হয়েছে। ওই পোস্টে ইরান এখন পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্পের দাবি, গত এক সপ্তাহে ইরান এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার ভাষ্য, ইরানি নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও দেশ-ধ্বংসকারী মনে করেন, তবে তিনি তা হতে দেবেন না। নির্বাচনের আগে যতদিন সম্ভব তেলের দাম বেশি রাখতে ডেমোক্র্যাট ও ইরান মরিয়া চেষ্টা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের পর দাম রেকর্ড পরিমাণে কমেছে। আরেক পোস্টে তেলের দাম দ্রুত কমার পূর্বাভাসও আগে দিয়েছিলেন দাবি করে পুরো পরিস্থিতিকে ‘বিরাট ধাপ্পাবাজি’ বলেন ট্রাম্প। ভোটাররা আগে তা না বোঝায় আক্ষেপ করে নির্বাচনটিকে অত্যন্ত ‘অদ্ভুত’ বলেন তিনি।

