মূল লেখায় যান
এই সময়

সকাল ১১:৪৫

সর্বশেষ

জেনসেন হুয়াং কেলেঙ্কারি: চীনা গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিস হুয়াংয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
জেনসেন হুয়াং কেলেঙ্কারি: চীনা গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিস হুয়াংয়ের

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালে এক বছরের বেশি সময় চীনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন চীনা নির্বাহী অ্যালিস হুয়াং। গোয়েন্দা তথ্য জানা ব্যক্তিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। এনভিডিয়ার সাম্প্রতিক কেলেঙ্কারির কেন্দ্রে থাকা অ্যালিসের এই যোগাযোগের তথ্য সামনে আসায় ওয়াশিংটনের প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণনীতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎ পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের। ওই সময়ের অন্তত একটি অংশে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছে, অ্যালিসের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েই—যাকে প্রায়ই তার স্বামী হিসেবে পরিচয় করানো হতো—তিনিও একই চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন। তবে এ বিষয়ে এনভিডিয়া, জেনসেন হুয়াং বা ওয়াশিংটনের চীনা দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি।

অ্যালিস আগে সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের নেতৃত্বে ছিলেন। এনভিডিয়ার এই গুরুত্বপূর্ণ গ্রাহক একসময় শত শত কোটি ডলারের চিপ কিনত। চীনে উন্নত এআই চিপ পাচারের আশঙ্কায় ২০২৪ সাল থেকে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। অ্যালিসের ওই যোগাযোগের সূত্র ধরেই মার্কিন কর্মকর্তাদের ধারণা হয়েছিল, জেনসেন হুয়াং কোনো গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তু হয়েছেন। গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পর হুয়াং পদত্যাগ করেন এবং এনভিডিয়ার শেয়ারদরে বড় পতন ঘটে।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন—এমন সিদ্ধান্তে তারা পৌঁছাননি। মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ চলতি মাসে জানান, বিচার বিভাগ এখনো এ সিদ্ধান্তে আসেনি। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনও সিএনএনকে বলেন, অ্যালিস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা বিষয়ে তদন্ত চলছে। এদিকে চীনে মূল্যবান সেমিকন্ডাক্টর (চিপ) রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন বেশি শিথিল ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই দলের আইনপ্রণেতারা। রিপাবলিকান সিনেটর জন কেনেডি রোববার এনবিসিকে বলেন, দুজনের সম্পর্ক নিয়ে আগ্রহ কম; তবে ট্রয়ের হেলেনের পর এটিই ছিল সবচেয়ে ব্যয়বহুল যৌন সম্পর্ক।

খবরটি শেয়ার করুন