পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সরাসরি নাকচ করে এটিকে ‘মিথ্যা’ বলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশে দুই দেশের উত্তেজনা বাড়ার মধ্যেই শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম জানায়, শনিবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর দাবি করেছে, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে ওড়া একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত ও চিহ্নিত করে। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমানটিকে অনুসরণ করে সেটির দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
বিবৃতিতে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি কাছাকাছি বিস্ফোরিত হওয়ায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সেনাবাহিনীর দাবি, এতে পাইলট অভিযান বাতিল করে ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানঘাঁটি বা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে বিমানটি কোন বিমানবন্দরে অবতরণ করেছে, তা উল্লেখ করেনি ইরান।
এর পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করে। সেন্টকম বলেছে, “দাবি: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে যে তারা গতকাল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত করেছে এবং জরুরি অবতরণে বাধ্য করেছে। এটি মিথ্যা। প্রকৃত তথ্য: ইরান গতকাল যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে আদৌ হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ ও হিসাবের মধ্যে রয়েছে।”
পৃথকভাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন প্রতিহত করে সেটিতে আঘাত হেনেছে। এতে তাদের ধ্বংস করা মার্কিন ড্রোনের সংখ্যা ৫৮টিতে দাঁড়িয়েছে বলে দাবি সংস্থাটির।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, তাদের অ্যারোস্পেস ফোর্স নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মানববিহীন বিমানটিকে শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তু করে। কৌশলগত ওই জলপথের আকাশে চলাচল পর্যবেক্ষণের সময় ইরানি বাহিনী ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনের সময়ই সর্বশেষ এসব দাবি সামনে এল।