ইরানে সন্তান প্রসবের কয়েক দিন পরই স্বামীর মারধরে সোগান্দ মোশতারেকি নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়ায় ২০ বছর বয়সী স্বামী তাকে পিটিয়ে হত্যা করেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এই ঘটনা দেশটিতে জোরপূর্বক বিয়ে ও পারিবারিক সহিংসতার ভয়াবহ চিত্র আবারও সামনে এনেছে।
কেরমান প্রদেশের বাসিন্দা সোগান্দ সম্প্রতি সন্তান প্রসবের জন্য নেওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন। সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে নিরাপদে সন্তানের জন্ম দিলেও এর কিছুদিন পরই স্বামীর হাতে প্রাণ হারান তিনি।
আইএইচআর জানিয়েছে, সোগান্দের স্বামী হত্যার কথা স্বীকার করেছেন এবং এর কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধের’ কথা বলেছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই যুবক সোগান্দের পরিবারের সঙ্গে তার যোগাযোগ সীমিত করে দিয়েছিলেন এবং বাইরে যাওয়ার সময় তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতেন।
আইএইচআর বলেছে, এই ঘটনা ইরানে জোরপূর্বক বিয়ের প্রাণঘাতী পরিণতি প্রকাশ করেছে। বৈষম্যমূলক আইন, পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও অপরাধীদের বিচারহীনতার কারণেই দেশটিতে এ ধরনের অপরাধ বেড়ে চলেছে।
সোগান্দের মৃত্যুর দিনই ইরানের ফারস প্রদেশে সেপিদেহ রাইসি নামের ২১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়। সোগান্দের মতো সেপিদেহকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এবং তিনিও স্বামীর হাতেই নিহত হন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে হেলিয়া ফাত্তাহি নামের ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয়। এক তরুণের সঙ্গে সম্পর্কের পর তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বিষয়টি পরিবারকে জানান। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে তার মা-বাবা ভোরিয়া ফাত্তাহি ও লেইলা ভেইস তাকে প্রায় ৩০টি খিঁচুনি প্রতিরোধী (অ্যান্টিকনভালস্যান্ট) বড়ি খাওয়াতে বাধ্য করেন, বেধড়ক মারধর করেন এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। কর্তৃপক্ষ অভিযুক্ত মা-বাবাকে গ্রেপ্তার করেছে এবং তারা দুজনই হত্যার কথা স্বীকার করেছেন। মানবাধিকার সংস্থা হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এবং হানা এই ঘটনাকে কথিত ‘অনার কিলিং’ হিসেবে বর্ণনা করেছে।