টানা কয়েক সপ্তাহের আন্দোলন-বিক্ষোভ শেষে গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা দলে দলে নিজ নিজ কারখানায় যোগ দেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে।
সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা মনোযোগ দিয়ে কাজ করবেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে অন্য সব কারখানা উৎপাদনে ফিরেছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাঠে কাজ করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে দেন। ধীরে ধীরে এই আন্দোলন কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়িসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক এবং গাজীপুর মহানগরের নানা এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালে সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করা এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সবশেষ দেড় সপ্তাহ আগে জেলার সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষ হয়।
বিক্ষোভ চলাকালে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করে সরকার। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শুরুতে মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান। এরপর বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। অবশেষে বিক্ষোভ-সংঘর্ষ, নতুন বেতন ঘোষণা এবং তিন দিনের ছুটি কাটিয়ে শনিবার সকালে কাজে ফিরলেন শ্রমিকরা।