মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:১৯

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির নৌবাহিনী জানায়, বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকারও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।

ইরানি বাহিনীর দাবি, জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখতে এবং নজরদারি এড়াতে দুটি ট্যাংকারই তাদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে রেখেছিল।

বিবৃতিতে ওই নৌপথটি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের দাবি, পুরো পথটিতে বিপুল পরিমাণ মাইন পেতে রাখা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচল করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তাও কোনো জাহাজকে রক্ষা করতে পারবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহার করতে বলছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতেও প্রণালিতে জাহাজে মাইন হামলার ঘটনা বেড়েছে।

খবরটি শেয়ার করুন