মূল লেখায় যান
এই সময়

সকাল ১০:৪৩

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে, উদ্বেগে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ মিনিটে পড়ুন

শেয়ার
পাকিস্তানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে, উদ্বেগে ভারত

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে উদ্যোগী হয়েছে মস্কো ও ইসলামাবাদ। দুই দেশের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মস্কো সফর করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে এটি তার প্রথম আনুষ্ঠানিক রাশিয়া সফর। সফরে দুই নেতার বৈঠকে জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, সফরে জ্বালানি ও বিনিয়োগ চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি পাকিস্তান স্টিল মিলস পুনরুজ্জীবিত করা এবং দেশটির তেল-গ্যাস খাতে রুশ বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে প্রায় ১৫ থেকে ১৬টি চুক্তি সই হতে পারে। এসব চুক্তিতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, রেল, ব্যাংকিং, প্রযুক্তি ও শিক্ষাসহ অন্যান্য খাত গুরুত্ব পেতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর মস্কোতে রাশিয়া ও পাকিস্তানের আন্তসরকারি কমিশনের ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়েভ ও পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস আহমেদ খান লেঘারি নেতৃত্ব দেন। সেখানে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার একটি কর্মসূচি সই করে দুই দেশ। এতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, ওষুধ, শিল্প, পরিবহন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৈঠকে বাজারে প্রবেশের সুযোগ, বিনিয়োগ সহজ করা এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ছিল প্রায় ১৮০ কোটি ডলার। নতুন লক্ষ্য পূরণ হলে বর্তমান বাণিজ্যের তুলনায় তা প্রায় তিন গুণ হবে। এ ছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে, যা কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে মস্কো ও ইসলামাবাদ।

পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুই দেশের আলোচনায় তেল ও গ্যাস খাতে অংশীদারত্ব, পাকিস্তানে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং রাশিয়ার জ্বালানি, সরঞ্জাম, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ বাড়ানোর বিষয় উঠে এসেছে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়েভ বলেছেন, পাকিস্তানের বাজারে রাশিয়ার তেল ও গ্যাসের মানদণ্ড স্বীকৃতি দেওয়ার বিষয়টি এই সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে কাজ চলছে।

শিল্প খাতেও রাশিয়ার সহযোগিতা চায় ইসলামাবাদ। করাচিতে পাকিস্তান স্টিল মিলস আধুনিকায়নের পরিকল্পনায় রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং রুশ প্রতিষ্ঠান মেটপ্রমস্ট্রয় এ প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ খতিয়ে দেখছে। এর আগে গত অক্টোবরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসভের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিল্প, আঞ্চলিক যোগাযোগ ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সে সময় তিনি বলেছিলেন, দুই দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল না হয়ে এগিয়ে চলেছে।

রাশিয়া ও পাকিস্তানের সম্পর্কের আরেকটি নতুন দিক হতে পারে মহাকাশ প্রযুক্তি সহযোগিতা। স্যাটেলাইট নেভিগেশন, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশযান পরিচালনা ও মহাকাশ গবেষণায় নিজেদের অভিজ্ঞতা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ দেখিয়েছে মস্কো। রুশ জ্বালানিমন্ত্রী সিভিলিয়েভ জানান, এ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আন্তসরকারি কমিশনের একটি কর্মপরিকল্পনা ও নথি প্রস্তুত করা হয়েছে, যা দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে সই হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি সই হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, স্যাটেলাইট থেকে পৃথিবী পর্যবেক্ষণের প্রযুক্তি আবহাওয়া, কৃষি, পরিবেশ ও যোগাযোগে কাজে লাগলেও সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। ফলে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এই প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

এদিকে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়লেও ভারতের সঙ্গে মস্কোর বহু দশকের কৌশলগত সম্পর্ক এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনৈতিক সহযোগিতায় ভারত ও রাশিয়া দীর্ঘদিনের অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৬ হাজার ৮৭০ কোটি ডলারে পৌঁছেছিল। ফলে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন সম্পর্ক এখনই ভারতের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের বিকল্প হয়ে উঠবে—এমনটা বলা যাচ্ছে না।

তবে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা যদি জ্বালানি ও বাণিজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিরক্ষা, সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ও নিরাপত্তা খাতে বিস্তৃত হয়, তাহলে তা ভারতের কৌশলগত হিসাব-নিকাশে নতুন গুরুত্ব পাবে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার প্রেক্ষাপটে রাশিয়ার এই উদ্যোগকে বাড়তি নজরে দেখছে নয়াদিল্লি। ভারত ও রাশিয়ার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ আলোচনা প্রক্রিয়াও চালু রয়েছে, যার সপ্তম দফা বৈঠক গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে, দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা মস্কোর এই ভারসাম্যপূর্ণ কূটনীতি ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে এবং পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার পরিধি বাড়তে থাকলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়তে পারে।

অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ব্যাংকিং ও অর্থ পরিশোধসংক্রান্ত জটিলতা রয়েছে পাকিস্তানের। দুই দেশ এসব বাধা কাটিয়ে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। ফলে সম্পর্কের এই রাজনৈতিক উষ্ণতা বাস্তব অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতায় কতটা রূপ নেয়, তা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আসন্ন মস্কো সফর এবং পরবর্তী চুক্তিগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

খবরটি শেয়ার করুন