মূল লেখায় যান
এই সময়

রাত ২:৩৮

সর্বশেষ

গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বন্যার কারণে উপত্যকাটির গৃহহীন মানুষেরা যখন মানবেতর জীবন যাপন করছেন, তখন এ হামলার ঘটনা ঘটল। সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকার বিভিন্ন স্থানে একটি গাড়িতে করে বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হন।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাড়িটিতে ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। সংস্থাটি গাজায় খাবার বিতরণ করে। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, গাড়িটি তাদের নয়।

গাজার বাস্তুচ্যুত বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া বলেন, ‘গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করে থাকে। গতকাল শিশুদের খাবার ও পানীয় দেওয়ার জন্য গাড়িটি যখন একটি স্থানে থামতে যাচ্ছিল, তখন সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারাই খাবার বিতরণ করতে আসছেন, তাদের ওপরই হামলা করা হচ্ছে।’

অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। গাজা নগরী থেকে আল-জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ওই ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।

আল-খলিলি বলেন, ‘যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাদের প্রতিদিনের ভয়াবহ বাস্তবতার অংশ হয়ে আছে।’

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের নৃশংসতা চলছেই। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর তিন বছর আগে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে মোট ৭৪ হাজার ৭৩৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রায় ২২ হাজার শিশু নিহত বিশ্ব শিশু দিবস উপলক্ষে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ২২ হাজার শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে যুদ্ধ চলাকালে জন্ম নেওয়া শত শত শিশুও রয়েছে।

মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এক বিবৃতিতে জানান, যুদ্ধ শুরুর পর থেকে ২১ হাজার ৯৭৬টি শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১২টি শিশুর জন্ম হয়েছে যুদ্ধ চলাকালে। এসব শিশুর মধ্যে ৪৪৮ জন এক বছর বয়স হওয়ার আগেই মারা গেছে।

এদিকে ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো জানিয়েছে, প্রায় ৩৫০ জন ফিলিস্তিনি শিশু এখনো ইসরায়েলের কারাগারে বন্দি আছে। সংগঠনগুলোর অভিযোগ, এসব শিশু নির্যাতন ও অনাহারের শিকার হচ্ছে এবং তাদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।

শীতকালীন আবহাওয়ায় বেড়েছে মানবিক সংকট শীতকালীন আবহাওয়া গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনিরা খাবার রান্না করতে আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন। ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, ‘এখন আবর্জনাও ভিজে গেছে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না। গাজা থেকে আল-জাজিরার প্রতিবেদক আল-খলিলি বলেন, ‘সামনের দিনগুলো অনিশ্চিত। নিত্যপ্রয়োজনীয় মৌলিক জিনিসের অভাব আরও প্রকট হয়ে উঠছে।’

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। গত শুক্রবার গভীর রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে হামজা মাসউদ সালিম আবদো (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে। এ ঘটনায় আরও এক ফিলিস্তিনি আটক হয়েছেন।

রামাল্লা থেকে আল-জাজিরার প্রতিবেদক নুর ওদেহ জানান, বসতি স্থাপনকারীরা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব হামলার তদন্ত করে, তার ৩ শতাংশের কম ঘটনায় আংশিক বা পূর্ণ দোষী সাব্যস্ত করার ঘটনা ঘটে। বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে ফিলিস্তিনিদের প্রায়ই আটক, জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হতে হয়। এ কারণে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ জানানোর সংখ্যাও খুব কম।’

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এই সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যসহ ইসরায়েলের মিত্রদেশগুলোও।

খবরটি শেয়ার করুন