বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তালিকায় আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ৩৭৪। ৩০৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (স্কোর ২৯২), ভারতের কলকাতা (১৮০) এবং আরব আমিরাত (১৬৩)।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়।





