শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে। তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’ পাশাপাশি বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে জেলা বা উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন তিনি।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রসঙ্গ তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে ৫ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।’ সবার জন্য খাদ্য ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় কমানো এই লক্ষ্যমাত্রার অন্যতম অংশ বলে উল্লেখ করেন তিনি। ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার—শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সবাই প্রচেষ্টা চালাই।’
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন ডা. জুবাইদা রহমান।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূর করতে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে, যা বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক চাষ করছেন।
আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি-সংবেদনশীল নীতির ওপরও গুরুত্বারোপ করেন।
রান্নার গুরুত্ব তুলে ধরে এই চিকিৎসক বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’ তিনি প্রতিযোগীদের উদ্দেশে রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার এবং বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য ৫ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আবদুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়। পরে ডা. জুবাইদা রহমান বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।