মূল লেখায় যান
এই সময়

সকাল ১০:৫৫

চট্টগ্রামে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
চট্টগ্রামে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এতে বগির দুটি আসন সামান্য পুড়ে যায়।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর জানান, কদমতলী এলাকায় ট্রেনের একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হয়। তবে দু-এক মিনিটের মধ্যেই রেলওয়ের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনটি নির্ধারিত সময়েই চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে পূর্ব জোনের (সদর) নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, রাত ১১টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভান। এতে দুটি আসন সামান্য পুড়ে গেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:আগুন

খবরটি শেয়ার করুন