আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অন্য যেসব জায়গায় বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করছেন।





