মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৩১

সর্বশেষ

এআই কোম্পানি দেউলিয়া হলে আপনার যে ক্ষতি হতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
এআই কোম্পানি দেউলিয়া হলে আপনার যে ক্ষতি হতে পারে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটের সঙ্গে অনেকেই এখন নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন। কেউ সম্পর্কের সমস্যা জানান, কেউ শেয়ার করেন পারিবারিক দ্বন্দ্ব বা মানসিক উদ্বেগের কথা। কিন্তু যেসব এআই প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য জমা থাকে, সেগুলো যদি একসময় বন্ধ হয়ে যায়, তবে কী হবে? কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের এই ব্যক্তিগত কথোপকথন ও তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যেতে পারে। এতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড় ধরনের নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্যারেক্টার ডট এআই’ (Character.ai)-এর দেউলিয়া হওয়ার ঘটনা এই ঝুঁকিকে সবার সামনে এনেছে। এই প্রতিষ্ঠানের চ্যাটবটের সঙ্গে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ সম্পর্ক তৈরি করেছিলেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। তাদের অনেকেই চ্যাটবটের সঙ্গে অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে রাজি হয়েছে বিশ্বখ্যাত বিনোদন প্রতিষ্ঠান ডিজনি। তবে ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের এই তথ্য অন্য যেকোনো ক্রেতার কাছে বিক্রি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটের সঙ্গে মানুষের কথোপকথন সাধারণ অনলাইন সেবার তুলনায় অনেক বেশি ব্যক্তিগত হতে পারে। যুক্তরাষ্ট্রের ‘ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টার’ (ইপিক)-এর এআই ও মানবাধিকারবিষয়ক কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার বলেন, মানুষ যখন ব্যক্তিত্বসম্পন্ন কোনো চ্যাটবটের সঙ্গে কথা বলে, তখন তারা অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে ফেলে।

এখানে শুধু চ্যাটবট ব্যবহারকারীদের তথ্যই ঝুঁকিতে পড়ে না। ব্যবহারকারীরা অনেক সময় তাদের বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের সম্পর্কেও চ্যাটবটকে তথ্য জানান। এর ফলে যারা কখনো এই সেবা ব্যবহার করেননি, তাদের ব্যক্তিগত তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে অনেক বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে, কিন্তু সেই তুলনায় অনেক প্রতিষ্ঠান লাভের মুখ দেখতে পারছে না। ফলে এই খাতে বড় ধরনের মন্দা দেখা দিলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (মার্জ) হতে পারে। তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছে জমা থাকা বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিক্রির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্যারেক্টার ডট এআইয়ের তথ্য বিক্রির ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। তবে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইনগত সীমাবদ্ধতা থাকায় এ ধরনের উদ্যোগ কতটা কাজে আসবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ক্যারেক্টার ডট এআইয়ের গোপনীয়তা নীতিমালায় বলা আছে, ব্যবহারকারীদের তথ্য নতুন সুবিধা তৈরি, এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া, অ্যালগরিদম উন্নয়ন এবং বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিষ্ঠানটির তথ্য যে নতুন মালিক কিনবে, সে-ও এসব কাজে এই তথ্য ব্যবহার করতে পারে।


ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের চ্যাটবটের বিরুদ্ধে কিশোরদের ক্ষতিকর পরামর্শ দেওয়ার অভিযোগে মামলাও হয়েছিল। একটি মামলায় অভিযোগ করা হয়, মোবাইল-কম্পিউটার দেখার সময় বা স্ক্রিন টাইম নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে তার মা-বাবাকে হত্যার জন্য উৎসাহিত করেছিল এই চ্যাটবট। আরেকটি ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পেছনেও এই চ্যাটবটের ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি অবশ্য পরে এসব মামলা নিষ্পত্তি করেছে বলে জানিয়েছে এবং কিশোরদের নিরাপত্তায় কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেসব এআই সেবায় ব্যবহারকারীরা ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দিয়েছেন, সেগুলোর তথ্য ব্যবহারের নীতিমালা (প্রাইভেসি পলিসি) ভালোভাবে দেখে নেওয়া উচিত। কোনো সেবা ব্যবহার করা বন্ধ করে দিলে সম্ভব হলে সেখান থেকে নিজের সব তথ্য মুছে (ডিলিট) ফেলা উচিত। কারণ কোনো প্রতিষ্ঠান একবার বন্ধ হয়ে গেলে তার কাছে জমা থাকা তথ্য কোথায় যাবে বা কীভাবে ব্যবহার হবে, তা সব সময় ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকে না।

খবরটি শেয়ার করুন