গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন আজ বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এবারের ভর্তিতে আবেদনের ক্ষেত্রে এই ১০টি বিশ্ববিদ্যালয় জিপিএ শর্ত কমিয়েছে ও শিথিল করেছে।
কৃষি গুচ্ছের আবেদন ও পরীক্ষা পদ্ধতি কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আজ ২৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। নিয়ম মেনে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। তবে এ ক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষা কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে। আবেদনের সময় শিক্ষার্থীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
কৃষি গুচ্ছের পরীক্ষার তারিখ ও মানবণ্টন আগামী ২ জানুয়ারি ২০২৭ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সিলেবাস থেকে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
কৃষি গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ফি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীকে অনলাইনে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন করার নিয়ম, ফি জমা দেওয়ার পদ্ধতি এবং ভর্তির বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।