সিলেট নগরের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুকুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর পাঁচটার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।





