মূল লেখায় যান
এই সময়

রাত ৯:০৫

ব্রেকিং নিউজ

ফুসফুসের ক্যানসার শনাক্তে এআই ব্যবহার করছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
ফুসফুসের ক্যানসার শনাক্তে এআই ব্যবহার করছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ফুসফুসের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই প্রযুক্তির সাহায্যে রোগীর এক্স-রে ও অন্যান্য স্ক্যান দ্রুত বিশ্লেষণ করা যাচ্ছে। এমনকি স্ক্যানে থাকা সূক্ষ্ম অস্বাভাবিকতাও শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা অন্যথায় চিকিৎসকদের নজর এড়িয়ে যেতে পারে।

রোগ নির্ণয়ের জন্য শরীরের অভ্যন্তরীণ ছবি বিশ্লেষণের বিশেষজ্ঞ কর্নিলিয়াস মুশাম্বি বিবিসিকে বলেন, এআই চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর আস্থা বাড়ায়। তবে এই প্রযুক্তি মানুষের দক্ষতার বিকল্প নয়।

যুক্তরাজ্যের কেটারিং জেনারেল হাসপাতাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছে, প্রথমে এআই রোগীর স্ক্যান বিশ্লেষণ করে। এরপর বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন, আরও পরীক্ষার প্রয়োজন আছে কি না। এর ফলে ফুসফুসের ক্যানসারের সন্দেহ দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব। যেসব রোগীর স্ক্যান জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা প্রয়োজন, তাদেরও অগ্রাধিকার দেওয়া যায়।

মুশাম্বি জানান, এআইয়ের সহায়তায় একজন রোগী এক্স-রে ও সিটি স্ক্যান করিয়ে উভয় পরীক্ষার প্রতিবেদন নিয়েই হাসপাতাল ছাড়তে পারেন। এআইয়ের সহায়তা ছাড়া এসব ধাপ সম্পন্ন করতে কয়েক দিনের ব্যবধান হতে পারত।

ক্যানসারের চিকিৎসায় এআইয়ের সম্ভাবনা
এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও অ্যামোডেইয়ের পূর্বাভাস, আগামী ৫ থেকে ১৫ বছরের মধ্যে ক্যানসারসহ অধিকাংশ রোগের নিরাময়ের উপায় খুঁজে বের করতে পারবে এআই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এআই শুধু তথ্য বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জীববিজ্ঞানীদের প্রায় সব কাজ সম্পাদন, পরিচালনা ও আরও উন্নত করতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।

তার ধারণা, শক্তিশালী এআই বৈজ্ঞানিক আবিষ্কারের গতি অন্তত ১০ গুণ বাড়িয়ে দিতে পারে। ফলে জীববিজ্ঞানে আগামী ৫০ থেকে ১০০ বছরে যে অগ্রগতি অর্জন সম্ভব, তা মাত্র ৫ থেকে ১০ বছরেই অর্জিত হতে পারে।

এর আগে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেমিস হাসাবিসও মানবস্বাস্থ্যে এআইয়ের বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
তার মতে, মানুষের মতো সাধারণ বুদ্ধিবৃত্তিক সক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) দুরারোগ্য ব্যাধির নিরাময়, মানুষের আয়ু বৃদ্ধি এবং নতুন জ্বালানির উৎস খুঁজে পেতে সহায়তা করতে পারে। এমনকি মানুষ দূরবর্তী নক্ষত্রে ভ্রমণ ও ছায়াপথে বসতি স্থাপনের সুযোগও পেতে পারে। সবকিছু ঠিকঠাক চললে ২০৩০ সাল নাগাদ এসব পরিবর্তনের সূচনা হতে পারে বলে মনে করেন তিনি।

খবরটি শেয়ার করুন