ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আসিব, আসিব বলেন। এখন আসিব আসিব বলে কত দিন পার হবে? একবার বলেছেন নভেম্বরে আসবেন। একবার বলেন ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। দেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না। ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগও আর কখনো দেশে প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।’





