মূল লেখায় যান
এই সময়

রাত ৯:০৫

ব্রেকিং নিউজ

৫০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

হালাল মাংস-দুধ-ডিম রপ্তানিতে বিশ্ববাজার ধরতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মিনিটে পড়ুন

শেয়ার
বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রাণিসম্পদ খাতকে অভ্যন্তরীণ চাহিদা পূরণের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বৈশ্বিক বাজার ধরার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, টিকা উৎপাদন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার। এ খাতে ইতিমধ্যে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত। নিজস্ব উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

রপ্তানিতে নতুন সম্ভাবনা

প্রাণিসম্পদ খাতকে বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের এ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।

তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনে সক্ষম উর্বর ডিম রপ্তানি শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য প্রবেশ করাতে খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, পণ্যের মান, নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণেও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। এ খাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, ৬০ লাখ মানুষের কর্মসংস্থান

প্রাণিসম্পদ খাতের বর্তমান অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

তিনি এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে।

রোগবালাই বড় প্রতিবন্ধকতা, হচ্ছে আধুনিক টিকা কারখানা

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগবালাইকে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশুপাখি পালন, মানসম্মত খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার করা গেলে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। একই সঙ্গে খামারিদের প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে।

প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

প্রাণীর কল্যাণে সচেতনতার তাগিদ

পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে।

পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখির ওপর নির্যাতন করে। এ ধরনের আচরণ বন্ধে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের যত্ন নিতে না পারলেও তাদের যেন কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা তৈরি করতে পারলে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে।

২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল জাতীয় প্রাণিসম্পদ পদক

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং মেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন