মূল লেখায় যান
এই সময়

দুপুর ১:৪৫

সর্বশেষ

ইউরোপের গণবিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যেও আছড়ে পড়তে পারে

ফেইজি ইসমাইল

প্রকাশ: ৫ মিনিটে পড়ুন

শেয়ার
ইউরোপের গণবিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যেও আছড়ে পড়তে পারে

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভগুলো সাধারণ মানুষের সংগঠিত প্রতিবাদের এক নতুন মাত্রা তুলে ধরছে, যার সঙ্গে অতীতের কোনো আন্দোলনের সরাসরি তুলনা চলে না। ফ্রান্স, স্পেন, ইতালি, সার্বিয়া, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে সরকারি ব্যয় সংকোচনের নীতি ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।

গত শুক্রবার যুক্তরাজ্যেও তরুণদের নেতৃত্বে এমন এক বিক্ষোভের সূচনা হয়েছে, যা সম্ভবত আরও বড় আন্দোলনের রূপ নিতে যাচ্ছে। অ্যাবারডিন থেকে ব্রাইটন, সোয়ানসি থেকে নটিংহাম—দেশজুড়ে শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ করার পর থেকে দেশটিতে শিক্ষার্থীদের এত বড় সংগঠিত প্রতিবাদ খুব কমই দেখা গেছে।

সামরিকীকরণবিরোধী আন্দোলনগুলোকে ইউরোপজুড়ে সমন্বিত করার লক্ষ্যে গড়ে ওঠা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাগেইনস্ট ওয়ার’-এর সঙ্গে যুক্ত সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ) প্রথম শ্রমিক সংগঠন হিসেবে এই উদ্যোগকে সমর্থন জানায়। সংগঠনটি জাতীয় কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় খাতের সদস্যদের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায়।

পরে ইউনিসন, ইউনাইট, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ), জিএমবি এবং এডুকেশনাল ইনস্টিটিউট অব স্কটল্যান্ডের (ইআইএস) মতো বড় শ্রমিক সংগঠনগুলোও ক্লাস বর্জন কর্মসূচিতে সমর্থন জানায়। এতে বোঝা যায়, শ্রমিক সংগঠনগুলোর সমর্থন এই আন্দোলনকে কতটা শক্তিশালী করে তুলতে পারে।

লন্ডনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা বিক্ষোভকারীরা ট্রাফালগার স্কয়ারে সমবেত হন। ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই’ স্লোগান দিতে দিতে তারা পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের দিকে এগিয়ে যান। সেখানে শিক্ষার্থী আন্দোলনের কর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা শিক্ষা ও জনসেবার চেয়ে প্রতিরক্ষা খাতে ব্যয়কে বেশি গুরুত্ব দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন।

ব্রিটিশ তরুণদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের তরুণেরাও একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা, জনসেবায় ব্যাপক কাটছাঁট এবং জীবনযাত্রার মানের অবনতির মুখোমুখি হচ্ছেন। এর সঙ্গে রয়েছে আবাসনসংকট, যা সম্পত্তি নিয়ে মুনাফামুখী ব্যবসার কারণে আরও প্রকট হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের ঘটনায় পুলিশের নিষ্ঠুর আচরণ, লাগামহীন বর্ণবাদ ও নারীবিদ্বেষ এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিপর্যয়ের আশঙ্কা—সব মিলিয়ে ব্যাপক গণবিক্ষোভের আশঙ্কা মোটেও অস্বাভাবিক নয়।

সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন। এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন অবস্থায় রয়েছেন। দেশটির মোট বেকার জনগোষ্ঠীর ৪০ শতাংশের বেশি তরুণ। কঠিন চাকরির বাজারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসংকটও ব্যাপক আকার ধারণ করেছে। আর শিক্ষাব্যবস্থা এমন অবস্থায় পৌঁছেছে, যার ব্যয় বহন করার সামর্থ্য খুব কম মানুষেরই রয়েছে।

সব মিলিয়ে এমন এক সামাজিক ও অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, যা যেকোনো সময় প্রকট হয়ে উঠতে পারে। অথচ সরকারের প্রতিক্রিয়া হলো সরকারি ব্যয় আরও কমানোর পথ খোঁজা।

আশ্চর্যের বিষয় হলো, সরকার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের নিয়ে বিতর্কিত প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছে সাবেক লেবার মন্ত্রী অ্যালান মিলবার্নকে। নব্বইয়ের দশকের শেষ দিকে জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) বেসরকারি অর্থায়ন চালুর পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বেসরকারি খাতই যখন সংকটের সমাধান করতে পারে, তখন সামাজিক কল্যাণমূলক সহায়তার ব্যবস্থা রাখার প্রয়োজন কী? প্রত্যাশিতভাবেই মিলবার্নের সুপারিশগুলো বাজারনির্ভর। এর মধ্যে প্রতিবন্ধী তরুণসহ যুবসমাজের নির্দিষ্ট কিছু সামাজিক সুবিধা কমানোর প্রস্তাবও রয়েছে।

এর আগে থেকেই উচ্চশিক্ষা খাতে বছরের পর বছর সরকারি ব্যয় সংকোচনের নীতি চলছে। সরকারের সরাসরি অর্থায়নের অভাব মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর কাছে কর্মী ছাঁটাই ও বিভিন্ন কোর্স বন্ধ করা এখন নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। অনেকেই একে উচ্চশিক্ষার পরিকল্পিত ধ্বংসযজ্ঞ হিসেবে বর্ণনা করছেন। অর্থায়নে কাটছাঁটের ফলে চরম অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও পরিচালনাগত ব্যর্থতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ব্যাংক, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির সঙ্গে এমন সব চুক্তিতে জড়াচ্ছে, যেখানে শিক্ষার মানসম্মত সেবা নিশ্চিত করার চেয়ে দক্ষতা ও মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব চুক্তির মাধ্যমে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে বড় মূল্য দিতে হতে পারে।

একদিকে শিক্ষা ও বেসামরিক খাতে চাকরির সুযোগ কমছে, অন্যদিকে ব্রিটিশ তরুণদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। সেনাবাহিনী এখন সম্পূর্ণ বেতনসহ ১৮ মাসের একটি ‘ফাউন্ডেশন স্কিম’-এর প্রচার চালাচ্ছে।

গত বছরের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনার অংশ হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে যে সরকারি প্রচারাভিযান শুরু হয়েছিল, তার সঙ্গে সামরিক প্রশিক্ষণ সম্প্রসারণের বিষয়টিও যুক্ত। এই উদ্যোগের পেছনে ছিলেন কিয়ার স্টারমারের সরকারের মন্ত্রীরা। স্টারমার ছিলেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রীদের একজন। নিজের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংগতি রেখেই ক্ষমতা ছাড়ার ঠিক আগে তিনি প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ১ হাজার ৫০০ কোটি পাউন্ড (১ হাজার ৯৬০ কোটি ডলার) বরাদ্দ অনুমোদন করেন। এর ফলে চার বছরে মোট প্রতিরক্ষা ব্যয় দাঁড়ায় ২৯ হাজার ৮০০ কোটি পাউন্ড (৩৮ হাজার ৯৮০ কোটি ডলার)।

ইউরোপজুড়ে এটি একটি উদ্বেগজনক প্রবণতা। জনসেবার জন্য অর্থ কমতে থাকলেও সামরিক ব্যয় দ্রুত বাড়ছে। বিষয়টি তরুণদের নজর এড়ায়নি।

কিন্তু নতুন করে অস্ত্রশস্ত্র বাড়ানোর এই প্রবল তৎপরতার পেছনে রয়েছে অন্য একটি বিষয়। ইউরোপীয় দেশগুলোর পারস্পরিক ঐক্য ক্রমেই ন্যাটোকে কেন্দ্র করে গড়ে উঠছে। একই সঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলছেন, সামরিক জোটটি টিকিয়ে রাখতে ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের ন্যায্য অংশের ব্যয় বহন করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়টি এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে।

যুক্তরাজ্যে তরুণদের আন্দোলন যদি ফ্রান্সের মতো ব্যাপক আকার ধারণ করে, তাহলে সেটিই হতে পারে অ্যান্ডি বার্নহামের সরকারের জন্য প্রথম বড় পরীক্ষা। ফ্রান্সে চলমান বিদ্রোহের সূচনা হয়েছিল শিক্ষাকে কেন্দ্র করে। অবশ্য শিক্ষার দাবিতে ধর্মঘট ফ্রান্সের ইতিহাসে নতুন কিছু নয়। ১৯৬৮ সালের গণ-অভ্যুত্থানের সূচনার কথা মনে করলেই তা বোঝা যায়। তারপরও ফ্রান্স তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ১ শতাংশ শিক্ষায় ব্যয় করে।

অন্যদিকে যুক্তরাজ্য শিক্ষায় ব্যয় করে জিডিপির ৪ দশমিক ১ শতাংশ। এমনকি এই বরাদ্দের একটি অংশও প্রতিরক্ষা খাতে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আগামী বছরগুলোতে স্কুলগুলোর জন্য অর্থায়ন আরও কমবে।

গত এক দশকে যুক্তরাজ্যে সাতজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। অথচ আয় ও সম্পদের যে পুনর্বণ্টন দেশটির জন্য অত্যন্ত জরুরি ছিল, তাদের কেউই তা নিশ্চিত করতে পারেননি। কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীদের এক দশকের শাসনে ধনীরা আরও বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্টারমারও সেই ধারাই বজায় রেখেছিলেন। সর্বশেষ স্থানীয় নির্বাচনে রিফর্ম ও গ্রিন পার্টির কাছে তিনি বড় ধাক্কা খান। এর প্রথম কারণ, লেবার পার্টির সরকারের কাছে মানুষ যে সামাজিক গণতান্ত্রিক প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা করেছিলেন, স্টারমার তা পূরণ করতে পারেননি।

দ্বিতীয় কারণ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় ব্রিটেনের সংশ্লিষ্টতা নিয়ে মানুষের প্রকৃত ক্ষোভ তিনি উপলব্ধি করতে ব্যর্থ হন। উল্টো ব্যাপক গণবিক্ষোভের জবাবে তিনি শাস্তিমূলক আইন প্রণয়ন করেন। বার্নহাম ক্ষমতায় আসার পর জনসমর্থনে যে উত্থান ঘটেছে, তা সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রী তার পূর্বসূরির অনুসৃত পথেই চলছেন। তার নতুন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, ফিলিস্তিন প্রশ্নে সরকারের অবস্থান ভুল ছিল। কিন্তু শুধু ভুল স্বীকার করলেই হবে না, বাস্তব পদক্ষেপের মাধ্যমেও তার প্রমাণ দিতে হবে।

ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে বার্নহাম যদি কঠোর দমনমূলক ব্যবস্থা নেন, তাতে কাজ হবে না। নতুন করে নব্য উদারনৈতিক সংস্কার চালিয়েও সংকটের সমাধান সম্ভব নয়। গত অর্ধশতাব্দী ধরে বেসরকারিকরণ, সরকারি নিয়ন্ত্রণ শিথিল করা এবং সামাজিক কল্যাণ খাতে ব্যয় কমানোর যে নীতি অনুসরণ করা হয়েছে, তার ফলই আজকের এই সংকটাপন্ন অবস্থা। আর সংকট ক্রমেই গভীর হচ্ছে।

তরুণসমাজ এবং ইউরোপের অন্যান্য অংশের মানুষ পরিবর্তন দাবি করছেন। তারা এমন পরিবর্তন চান, যা হবে বাস্তব ও দীর্ঘস্থায়ী এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই কার্যকর হবে।

১৮৪৮ সালে ইউরোপকে কাঁপিয়ে দেওয়া বিপ্লবগুলোর পেছনে ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং ফসলহানির কারণে সৃষ্ট দুর্ভিক্ষ। আজকের ইউরোপীয় বিক্ষোভগুলোও তুলনীয় পরিস্থিতিতে সংঘটিত হচ্ছে। যারা পরিবর্তন চান, তাদের সামনে এখন দায়িত্ব হলো আন্তর্জাতিক সংহতির এমন একটি আন্দোলন গড়ে তোলা, যা বিভিন্ন জনগোষ্ঠীর ক্ষোভ ও দাবিকে বৃহত্তর সাধারণ দাবিতে পরিণত করতে পারবে, আন্দোলনগুলোকে সমন্বিত করবে এবং সরকারি ব্যয় সংকোচন ও যুদ্ধের বিরুদ্ধে বাস্তব সংহতি প্রতিষ্ঠা করবে।

আল জাজিরা থেকে অনুদূত। এই নিবন্ধে প্রকাশিত মতামত সম্পূর্ণ লেখকের নিজস্ব। এর সঙ্গে আলজাজিরার সম্পাদকীয় অবস্থানের মিল থাকা বাধ্যতামূলক নয়।

মতামত লেখকের নিজস্ব। এই সময়-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এর মিল না-ও থাকতে পারে।

খবরটি শেয়ার করুন