মূল লেখায় যান
এই সময়

রাত ২:০৯

সর্বশেষ

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

তাজমহল দেখার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাজমহলসহ দিল্লির আরও কয়েকটি জায়গায় যেতে তার কোনো বাধা নেই। তবে নিরাপত্তার কারণে তিনি দিল্লির নিজামুদ্দিন দরগাহে যেতে পারবেন না।

দিল্লিতে অবস্থানকালে মুসাদ্দিক মালিক উত্তর প্রদেশের আগ্রার তাজমহল ছাড়াও দিল্লির নিজামুদ্দিন দরগাহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার সেই ইচ্ছা পূরণ হবে কি না, তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছিল। সরকারি সূত্রের বরাতে কেউ জানাচ্ছিলেন, সম্মেলন ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি তাকে দেওয়া হবে না। আবার কেউ লিখেছিলেন, তাজমহল দেখার অনুমতি দেওয়া হলেও নিজামুদ্দিন দরগাহে যেতে দেওয়া হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার মধ্য দিয়ে অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তাজমহল ছাড়াও মুসাদ্দিক মালিক দিল্লিতে অবস্থিত মোগল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল পরিদর্শনে যেতে পারবেন। দক্ষিণ দিল্লির ‘দিল্লি হাট’-এ যাওয়ার ক্ষেত্রেও তার কোনো বাধা নেই। তবে নিজামুদ্দিন দরগাহে তিনি যেতে পারবেন না। সেখানে যেতে না দেওয়ার পেছনে নিরাপত্তাজনিত কারণের কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ওই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি ও জনাকীর্ণ। এ কারণে ভারত সরকার কোনো ঝুঁকি নিতে চায় না।

২০২৫ সালের মে মাসে পেহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালায় ভারত। সেই হামলার পোশাকি নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। এরপর থেকে পাকিস্তানের কোনো মন্ত্রী কোনো অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেননি। ওই ঘটনার পর মুসাদ্দিক মালিকই প্রথম পাকিস্তানি মন্ত্রী হিসেবে ভারত সফর করছেন।

এর আগে ২০২৩ সালে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এসসিও একটি বহুপক্ষীয় সংগঠন। এ ধরনের সংগঠনে পাকিস্তানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করতে ভারত আপত্তি জানায় না। তবে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো আলোচনা বা বাক্যালাপ এখনো বন্ধ রেখেছে ভারত।

খবরটি শেয়ার করুন