সুস্থ থাকতে প্রতিদিন শাকসবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই মৌসুমে বাজারে সহজেই পাওয়া যায় পালংশাক। ক্যালসিয়ামে ভরপুর এই শাকের রান্না করা এক কাপে প্রায় ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তবে পালংশাকের এই ক্যালসিয়াম আদৌ শরীরের কাজে আসে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, পালংশাকের ক্যালসিয়ামের একটা বড় অংশই শরীরের কাজে আসে না। এ কারণে প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে অন্যান্য উৎসের ওপর নির্ভর করার পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।
কেন কাজে আসে না? পালংশাকে ‘অক্সালেট’ নামের একটি উপাদান থাকে, যা সহজেই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ‘ক্যালসিয়াম অক্সালেট’ তৈরি করে। কিন্তু আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম অক্সালেট তেমন শোষিত হয় না বললেই চলে; বেশির ভাগই শরীর থেকে বেরিয়ে যায়। ফলে রান্না করা এক কাপ পালংশাকে থাকা ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়ামের মধ্যে মাত্র ১৩ মিলিগ্রামের মতো শরীরের কাজে আসে। ব্যক্তিভেদে এই পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে। তবে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়ার জন্য পালংশাকের ওপর নির্ভর করার সুযোগ নেই।
অক্সালেট দূর করার উপায় আছে কি? অল্প সময়ের জন্য পালংশাক পানিতে সেদ্ধ করলে এর অনেকটা অক্সালেট শাক থেকে বেরিয়ে ওই পানিতে মিশে যায়। সেই পানি ফেলে দিলে শাক থেকে বেশ কিছুটা ক্যালসিয়াম পাওয়া সম্ভব। তবে এই পদ্ধতিতে অক্সালেট কমানোর কিছু সমস্যাও আছে। কারণ, পানির সঙ্গে পালংশাকে থাকা পটাশিয়াম, ফোলেট এবং ভিটামিন বি-এর মতো পুষ্টি উপাদানও চলে যায়। এ ছাড়া পালংশাক যেভাবেই রান্না করা হোক না কেন, আগুনের আঁচে এতে থাকা ভিটামিন সি-এর বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে।
তাহলে কি পালংশাক খাবেন না? সেদ্ধ করে পানি না ফেললে পালংশাক থেকে ক্যালসিয়ামের চাহিদা খুব একটা মেটে না। কাঁচা পালংশাকেও একই সমস্যা থেকে যায়; পাশাপাশি কাঁচা শাক বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। অন্যদিকে সেদ্ধ করে পানি ফেলে দিলেও হারাতে হয় অন্যান্য কিছু পুষ্টি উপাদান।
তবে এ কারণে পালংশাক খাওয়া বাদ দেওয়া যাবে না। পালংশাক ক্যালসিয়ামের নির্ভরযোগ্য উৎস না হলেও এটি বেশ পুষ্টিকর। এতে ফোলেট, ভিটামিন কে, ক্যারোটিনয়েডসহ বিভিন্ন উপকারী উপাদান রয়েছে। তাই পালংশাক খাওয়ার পাশাপাশি যেসব পুষ্টি উপাদান এটি থেকে পাওয়া যাচ্ছে না, তা পূরণ করতে খাদ্যতালিকায় অন্যান্য সবজি ও ফলমূল রাখতে হবে।
কোন খাবারে কতটা ক্যালসিয়াম পালংশাকের বাইরে দৈনন্দিন যেসব খাবার থেকে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তার আনুমানিক হিসাব নিচে দেওয়া হলো—
দুধ ও দই
দুধ (পূর্ণ ননিযুক্ত, ননিবিহীন বা আংশিক ননিবিহীন) ২০০ মিলিলিটার: ২৩০ মিলিগ্রামের বেশি
টকদই ১৫০ গ্রাম: ২০০ মিলিগ্রামের বেশি
মাছ ও ডিম
রান্না করা কাঁটাসহ ছোট মাছ (পুঁটি, চাপিলা, মলা, ঢেলা প্রভৃতি) ১০০ গ্রাম: ৫০০ মিলিগ্রামের বেশি
ডিম ১টি (প্রায় ৫০ গ্রাম): ৩০ মিলিগ্রাম
ডাল ও শিমজাতীয় খাবার
রান্না করা মসুর ডাল ২০০ গ্রাম: ৪০ মিলিগ্রাম
রান্না করা ছোলা বা চানা ২০০ গ্রাম: ৯৯ মিলিগ্রাম
রান্না করা শিম ১০০ গ্রাম: ৫৫ মিলিগ্রাম
রান্না করা সাদা রাজমা ১০০ গ্রাম: ১৩০ মিলিগ্রাম
রান্না করা লাল রাজমা ১০০ গ্রাম: ৯০ মিলিগ্রাম
ফল ও সবজি
কাঁচা গাজর ১২০ গ্রাম: ৩৫ মিলিগ্রাম
কমলা ১৫০ গ্রাম: ৬০ মিলিগ্রাম
কিশমিশ ৪০ গ্রাম: ৩০ মিলিগ্রাম
বাদাম ও অন্যান্য
কাঠবাদাম ৩০ গ্রাম: ৭৫ মিলিগ্রাম
আখরোট ৩০ গ্রাম: ২৮ মিলিগ্রাম
টোফু ১২০ গ্রাম: ১২৫ মিলিগ্রাম
খাবারের ধরন, প্রস্তুতপ্রণালি ও উৎসভেদে ক্যালসিয়ামের এই আনুমানিক পরিমাণে পার্থক্য হতে পারে।
আরও যা জানা জরুরি ক্যালসিয়াম ফর্টিফায়েড উদ্ভিজ্জ দুধ থেকেও ক্যালসিয়াম পাওয়া সম্ভব। তবে কেনার সময় পণ্যের লেবেল দেখে নিতে হবে প্রতি পরিবেশনে কতটা ক্যালসিয়াম আছে। এ ছাড়া পনিরেও প্রচুর ক্যালসিয়াম থাকে। সবচেয়ে বেশি থাকে পারমিজান পনিরে—প্রতি ১০০ গ্রাম হার্ড পারমিজান পনিরে ১ হাজার ১৫০ মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম পাওয়া যায়।
পাশাপাশি শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য পর্যাপ্ত ভিটামিন ডি প্রয়োজন। সূর্যের আলো থেকে শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে। তবে কতক্ষণ রোদে থাকতে হবে, তা ব্যক্তির ত্বকের রং, বয়স, ঋতু, সময় ও আবহাওয়ার ওপর নির্ভর করে। তাই সবার জন্য প্রতিদিন ২০ মিনিট রোদে থাকার পরামর্শ প্রযোজ্য নয়।
সতর্কতা পুষ্টিকর হলেও পালংশাক অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। অতিরিক্ত অক্সালেটের কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া পালংশাকে পিউরিন থাকে। তাই যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তাদের এই শাক এড়িয়ে চলা উচিত।