সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পাহারায় বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসী, জনপ্রতিনিধি ও বিএনপির নেতা-কর্মীরাও। দিনরাত ২৪ ঘণ্টা তারা একসঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা সীমান্তের ওপার থেকে এসে গোপন বৈঠক এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ কারণে সীমান্তে টহল ও জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এদিকে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে বিশেষ অভিযান চলছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট ও থার্মাল ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বেনাপোল ও শার্শা সীমান্তের বিজিবি চৌকিগুলোতে সন্ধ্যার পর পালাক্রমে পাহারা দিচ্ছেন স্থানীয় তরুণ ও বিএনপি কর্মীরা।
সাতক্ষীরা সীমান্তেও জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে দেশে নাশকতা চালাতে পারেন—এ আশঙ্কায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো নাশকতা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। এ ছাড়া মেহেরপুরের ৯০ কিলোমিটার সীমান্তে চার শিফটে বিজিবির সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী।
উত্তরাঞ্চলেও সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তে চলছে কড়া নজরদারি। লালমনিরহাটের হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনাব্বিরুল ইসলাম মনা জানান, বিজিবির সঙ্গে চৌকিদার, দফাদার ও স্থানীয় বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন। এজন্য এলাকায় মাইকিংয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছে। রাজশাহী সীমান্তেও অনুপ্রবেশ ঠেকাতে টহল বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পূর্বাঞ্চলের সীমান্তগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গোপন যাতায়াত ও বৈঠক ঠেকাতে ড্রোন, সার্চলাইট এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্তে বিজিবির জনবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তের ১০টি ক্যাম্পেও জনবল বাড়ানো হয়েছে। অমীমাংসিত মুহুরীর চরে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং সেখানে টহল ৩ গুণ করা হয়েছে। এই নজরদারিতে যুক্ত হয়েছেন স্থানীয় নাগরিকরাও। অন্যদিকে খাগড়াছড়ির চারটি সীমান্তবর্তী উপজেলায় ‘পুশইন’ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। কক্সবাজারের মিয়ানমার সীমান্তেও বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়েছে, যা টেকনাফ-২, কক্সবাজার-৩৪ ও উখিয়া-৬৪ ব্যাটালিয়ন পরিচালনা করছে। কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।