গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী রয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও এই তালিকায় আছেন। অভিযুক্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তার স্ত্রীসহ ১২ জনের নাম জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দ ও লেনদেন যাচাইয়ের তালিকায় থাকা ৯৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।





