আখেরাত মানুষকে জবাবদিহির ভয় শেখায় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, শুধু পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানুষের মধ্য থেকে অপরাধপ্রবণতা কোনোভাবেই কমানো যায় না। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মাহফিলে মিজানুর রহমান আজহারী সুরা ওয়াকিয়া তেলাওয়াত ও তাফসির করার পাশাপাশি কোরআনের বিভিন্ন সুরার অংশবিশেষ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি হজরত মুহাম্মদ (সা.), হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর জীবনী তুলে ধরেন।
বক্তব্যে মিজানুর রহমান আজহারী বলেন, শুধু পুলিশ, মিডিয়া বা র্যাব দিয়ে মানুষকে ‘সোনার মানুষ’ বানানো যায় না। সোনার মানুষ তৈরি করতে হলে আল-কোরআন এবং এ ধরনের তাফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজন হয়।
সুরা ওয়াকিয়ার প্রথম ১২ আয়াতের মূল শিক্ষা তুলে ধরে তিনি বলেন, কেয়ামত অবশ্যই সংঘটিত হবে—এটাই মহাসত্য। দুনিয়ার এই জীবনই শেষ নয়, মৃত্যুর পর আমাদের অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। রাজশাহীর যুবকদের উদ্দেশে তিনি বলেন, অত্যন্ত ব্যস্ত জীবনযাপনের কারণে আমরা পরকালের অনন্ত জীবনের কথা ভুলে গেছি। ওই জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সন্তান ও নতুন প্রজন্মকেও বিষয়টি বোঝাতে হবে।
আখেরাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, এই দুনিয়ায় অনেক অপরাধের বিচার হয় না এবং হবেও না। অনেক সময় মানুষ খুন হলে পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগসহ পুরো রাষ্ট্রযন্ত্র মিলেও খুনিকে খুঁজে বের করতে পারে না। দুনিয়ায় যেসব মজলুম বিচার না পেয়ে মারা গেছেন, তাদের জুলুমের একটি ফয়সালা প্রয়োজন। আখেরাতে সেদিন সব হিসাব-নিকাশ পাল্টে যাবে এবং কড়ায়গণ্ডায় সব ঋণ ও জুলুমের বিচার করা হবে।
সবশেষে মানুষের সামনে দুটি পথ খোলা থাকার কথা উল্লেখ করে এই ইসলামি বক্তা বলেন, একটি সোজা পথ দুনিয়া থেকে শুরু হয়ে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছেছে। অন্যটি বাম দিকের পথ—যেখানে শয়তান, দুনিয়া, মাদক ও জুলুমের হাতছানি রয়েছে এবং তা জাহান্নামের দিকে চলে গেছে। এখন মানুষ জান্নাত নাকি জাহান্নাম বেছে নেবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।