কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ হতে পারে। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। তবে সংলাপের আলোচ্যসূচি (এজেন্ডা) এখনো চূড়ান্ত হয়নি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভেতরে ভেতরে সংলাপের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর ফলোআপ বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। এখন সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে। আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। অন্যদিকে আজ রোববার দেশে ফিরছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে ১৮ নভেম্বর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বৈঠকের পর সংসদে দেওয়া ভাষণে তাঁরা দুজনেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ও সংসদের বাইরের দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই মূলত জাতীয় সংলাপে বসতে বিরোধী দলকে আমন্ত্রণ জানায় বিএনপি।
তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নন দলগুলোর শীর্ষ নেতারা। সরকারের ওই আমন্ত্রণের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি পালন করছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি গণমাধ্যমকে বলেন, জুলাই আন্দোলনে আমরা যেসব দল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, আগামীতেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের ফলে একটি জাতীয় সংলাপ হবে বলে শুনছি। এটি নভেম্বরের শেষের দিকে হতে পারে। এই সংলাপ থেকে জুলাই আন্দোলনের দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে প্রত্যাশা করি।
সরকার ও বিরোধী দলের একাধিক নেতার মতে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং ওই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেপথ্যে দেশের বাইরের প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণে বাধ্য করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সব দল ঐকমত্যে না পৌঁছালে দেশের স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে। এমন পরিস্থিতিতে দ্রুত জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তাঁরা। নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে। এর মাধ্যমে সরকারকে বিভিন্ন কাজে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা করার বিষয়টি সামনে আসবে।
সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্য গড়তে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রক্রিয়া নিয়ে নানামুখী আলোচনা চলছে। ঐক্যের প্রশ্নে নীতিগতভাবে একমত থাকলেও বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে কিছুটা দর-কষাকষি চলছে। বিশেষ করে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া, বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়া এবং জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির হয়ে কিছু নেতার অতিকথন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এ ছাড়া প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ড প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে একধরনের সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী দলগুলো পৃথক কর্মসূচি নিয়ে মাঠে আছে এবং প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী তাদের এক মঞ্চে আনার প্রক্রিয়া চলছে।
সূত্র আরও জানায়, সংবিধান সংশোধন-সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটির ৫ জনকে বিরোধী দল থেকে মনোনয়নের জন্য সরকারি দল অনুরোধ করেছে। তবে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার কারণ দেখিয়ে বিরোধী দল এখনো প্রতিনিধিত্ব দেয়নি। দুপক্ষের আলোচনায় বিশেষ এই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি দেওয়ার বিষয়টি রয়েছে। জাতীয় ঐক্যের স্বার্থে অন্যান্য দলের সঙ্গে সমঝোতা হলে ‘নোট অব ডিসেন্ট’-এর কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকারি দল। তবে এ ছাড়ের বিনিময়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দলগুলোর কাছ থেকে ইতিবাচক সহযোগিতা এবং কিছু বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে বিএনপি।
অন্যদিকে সংশ্লিষ্টরা জানান, ১১ দলীয় ঐক্যের মূল চাওয়া হচ্ছে—নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোটের রায় অনুযায়ী বিএনপি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করুক। পাশাপাশি বিএনপির হয়ে যাঁরা বিরোধী দলের বিরুদ্ধে অপ্রাসঙ্গিকভাবে আক্রমণ করছেন, তাঁদের নিবৃত্ত করা হোক।
জামায়াত ও এনসিপিও জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। দল দুটি বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কোনো আপস করা উচিত নয়। সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে কিংবা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক নিশ্চয়তা চায় তারা।
এই দুই দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অনবরত বক্তব্য দেওয়া সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী এবং অন্য একটি দলের শীর্ষ এক নেতাকে নিবৃত্ত করার দাবিও রয়েছে তাঁদের। তাঁদের মতে, এসব নেতার অতিকথন জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর মধ্যে তিক্ততা ও বিভক্তি বাড়াচ্ছে।
জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে জুলাই ঐক্য এবং এর ভিত্তি হবে জুলাই সনদ। কাজেই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটের গণরায়, সেটার পূর্ণ বাস্তবায়নই হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে আমাদের শক্ত দলীয় অবস্থান রয়েছে এবং থাকবে। ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত ও জামায়াতের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে আমাদের শক্ত অবস্থান থাকবে। শনিবার থেকে আমাদের দলের ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে। জুলাই আন্দোলনের দলগুলোর ঐক্য প্রতিষ্ঠার বড় দায়িত্ব সরকারি দলের।
এদিকে জাতীয় সংলাপে বসার আগে করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি। আজ রোববার নাহিদ ইসলাম দেশে ফেরার পর দলটির নেতারা এ বৈঠকে বসবেন। এনসিপির একাধিক নেতা জানান, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া জোরালো বক্তব্য দেশের জন্য ইতিবাচক এবং এর সঙ্গে এনসিপি পুরোপুরি একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ঘোষণা দিতে হবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলাই ঐক্য ভাঙার দায় বিএনপির আছে। এখন সরকারি দল ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য চাইলে বিরোধী দলকে আস্থায় নিতে হবে। বিরোধী দলের আস্থা অর্জন করতে হলে সরকারের সংস্কারের প্রতিশ্রুতিও লাগবে। তাহলেই প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠবে।