মাদারীপুরের কালকিনি পৌর মাছ বাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই সংঘর্ষ চলাকালে প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাজারজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও একটি পাল্টা মিছিল বের করেন।
এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং উভয় পক্ষই বৃষ্টির মতো হাতবোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।





