যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বড় ধরনের চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি প্রধান রপ্তানি খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা গভীর দুশ্চিন্তায় পড়েছেন।
গত ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে এই হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ইউএসটিআরের এই প্রস্তাবের ওপর আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে বাংলাদেশ সরকার। এরপর ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানি শেষে নতুন শুল্ক কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় গত মার্চে দুটি বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একটি ছিল অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অন্যটি জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর না করা। দ্বিতীয় অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তানসহ ৬০টি দেশের ওপর ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক বসানো হয়। সে সময় বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
জুলাইয়ের ওই ১০ শতাংশসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক রয়েছে ২৫ শতাংশ। নতুন ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে মোট গড় শুল্ক দাঁড়িয়ে যাবে ৩৩ শতাংশে। ইউএসটিআরের নথি অনুযায়ী, চা, মসলা, শাকসবজি, ফল, ওষুধ, পাট ও হস্তশিল্প এবং কাঠজাত পণ্যসহ ২ হাজার ২০৭টি পণ্যে এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এসব পণ্য খুব কমই রপ্তানি করে। যেমন, ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে মাত্র ১ কোটি ৬৭ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্য গেছে যুক্তরাষ্ট্রে, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা, হোম টেক্সটাইল ও টেরিটাওয়েলের অংশ প্রায় পৌনে ৬ শতাংশ।
নতুন শুল্ক প্রস্তাবে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে প্রতিযোগী দেশ পাকিস্তান। দেশটির ওপর নতুন কোনো শুল্ক প্রস্তাব করেনি ইউএসটিআর। অথচ বস্ত্র, হোম টেক্সটাইল, টেরিটাওয়েল ও ডেনিম পোশাক রপ্তানিতে পাকিস্তান বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। ভারতের ক্ষেত্রে ১৭ শতাংশ (চুক্তি না করলে ২৫ শতাংশ), ভিয়েতনামের ক্ষেত্রে ২০ শতাংশ (চুক্তি না করলে ৩৫ শতাংশ) এবং চীনের পণ্যে ২০ শতাংশ (সমঝোতা না হলে ৪০ শতাংশ) শুল্ক আরোপের শঙ্কা রয়েছে।
উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রে ওভেন ও নিট পোশাকের গড় মূল্য (জাহাজভাড়া বাদে) সাড়ে ৩ থেকে ৪ ডলার। আগে পাল্টা শুল্ক থাকার সময় ক্রেতাদের ১ শতাংশ বা ৪ থেকে ৫ সেন্ট পর্যন্ত ছাড় দিতে হয়েছিল। এখন পোশাকশ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়ার কারণে প্রতি পিস পোশাকে ১৫ থেকে ২০ সেন্ট উৎপাদন খরচ বাড়বে। এই পরিস্থিতিতে নতুন শুল্কের অজুহাতে মার্কিন ক্রেতারা দাম বাড়াতে চাইবেন না। ফলে প্রতিযোগিতায় প্রতি পিস পোশাকে অন্তত ১৫ সেন্ট পিছিয়ে পড়বে বাংলাদেশ।
স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘মজুরি বৃদ্ধির কারণে আমরা অনেক মার্কিন ক্রেতার কাছ থেকে ৮ থেকে ১০ সেন্ট বা তার বেশি অর্থ বাড়তি নেওয়ার প্রস্তাব করেছিলাম। তবে নতুন শুল্ক প্রস্তাবের কারণে এটি প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাড়তি শুল্কের খরচের যুক্তি দেখাবে। সরকার সঠিকভাবে দরকষাকষি করলে শুল্ক কমতে পারে।’
জুতাশিল্পের উদ্যোক্তারাও একই শঙ্কায় রয়েছেন। ইপিবির হিসাবে, বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানি ১২ শতাংশ বেড়ে ৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। চীন থেকে কিছু মার্কিন ক্রেতা চামড়াবিহীন জুতার ক্রয়াদেশ বাংলাদেশে সরিয়ে এনেছিলেন এবং আরও অনেকে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এনপলি ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ প্রথম আলোকে জানান, বিদায়ী অর্থবছরে তাদের রপ্তানি করা ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতার ১৬ থেকে ১৭ শতাংশ যুক্তরাষ্ট্রে গেছে। নতুন মার্কিন ক্রেতাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে মোট উৎপাদনের অর্ধেক যুক্তরাষ্ট্রে যেত। কিন্তু নতুন শুল্ক প্রস্তাবে ক্রেতারা সিদ্ধান্ত বদলাতে পারেন, যা তাদের বিপাকে ফেলবে।
অন্যদিকে বিদায়ী অর্থবছরে হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি আগের বছরের সাড়ে ১৬ কোটি ডলার থেকে বেড়ে ১৮ কোটি ডলারে পৌঁছেছে। বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, কম দামের হোম টেক্সটাইলে যুক্তরাষ্ট্রের বাজারে পাকিস্তানের সঙ্গে তারা এমনিতেই প্রতিযোগিতায় পারেন না। বেশি দামের পণ্যে বাংলাদেশের অবস্থান ভালো থাকলেও নতুন শুল্ক যোগ হলে আরও ক্রয়াদেশ পাকিস্তানে চলে যাবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন, যা পরে ১৯ শতাংশে নামে এবং দেশটির আদালত তা অবৈধ ঘোষণা করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সই করে। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে প্রায় দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি, ৫ বছরের জন্য প্রতিবছর অন্তত ৭ লাখ মেট্রিক টন গম এবং এক বছরে সর্বোচ্চ ১২৫ কোটি ডলার বা ২৬ লাখ মেট্রিক টন সয়াবিন, সয়াজাত পণ্য ও তুলা কেনার কথা রয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবীজ ও তুলা আমদানি বাড়ায় গত অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৩২ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর ফলে ১৬ বছর পর ভারতকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে। তবে মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করেনি ওয়াশিংটন।
সার্বিক বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ইউএসটিআরের শুনানিতে বাংলাদেশের জোরালো অবস্থান নেওয়া উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বৈষম্যমূলক বাণিজ্যচুক্তিটি পর্যালোচনা করা এবং সংসদে এ নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্ক আরোপ মুক্তবাণিজ্যনীতির পরিপন্থী। এর মাধ্যমে কম দামের উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদনকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, যা স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানি সক্ষমতাকে দুর্বল করে দেবে।