চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আগামী সপ্তাহের যেকোনো দিন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে জামায়াত এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের সব শরিক দলকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায়। যদিও দলটির নেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাননি তারা।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন স্টার নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বৈঠকের চেয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে আলোচনায় বসাকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এ বিষয়ে জোটের শরিক দলগুলোকেও বার্তা দেওয়া হয়েছে।’
এদিকে গত সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিয়ে কিছুটা ক্ষুব্ধ জামায়াতে ইসলামী। তবে দলটির নেতারা বলছেন, সরকার তাদের আলাদাভাবে আমন্ত্রণ জানালেও ১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়েই বৈঠকে অংশ নেবেন তারা।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্টার নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি তারা। তবে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হলেও ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়েই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে তাদের।’ তিনি আরও বলেন, তারা লোক দেখানো কোনো ঐক্য চান না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে ঐক্য হতে হবে দীর্ঘমেয়াদি। সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য, চলতি মাসে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর মধ্যে গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং জাতীয় ঐক্যের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। এরপর ২৩ নভেম্বর এনসিপির সঙ্গে বৈঠক করলেও এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়নি।