বরকত বা বারাকাহ আরবি শব্দ। এই শব্দের সঙ্গে প্রত্যেক মুসলমান কমবেশি পরিচিত। পবিত্র কোরআনুল কারিমে ‘বারাকাহ’ শব্দটি বিভিন্নভাবে ৩২ বার এসেছে। হাদিস শরিফেও মহানবী মুহাম্মদ (সা.) অসংখ্যবার এই শব্দ ব্যবহার করেছেন। একজন মুমিনের জীবন বারাকাহ দিয়েই পরিপূর্ণতা লাভ করে।
বারাকাহ শব্দের আভিধানিক অর্থ কল্যাণ, পরিতৃপ্তি, বৃদ্ধি, প্রাচুর্য, স্থায়িত্ব ও প্রশান্তি লাভ করা ইত্যাদি। শব্দটি এসেছে ‘বারাকাতুন’ বা ‘বুরুক’ মূল ধাতু থেকে, যার বেশ কয়েকটি অর্থ রয়েছে—
১. স্থায়িত্ব বা স্থিরতা: মহান রবের পক্ষ থেকে রিজিক, সময়, জ্ঞান, হায়াত ও পরিবারসহ সব ক্ষেত্রে স্থিরতা, স্থায়িত্ব বা আত্মিক প্রশান্তি লাভ করা।
২. প্রাচুর্য বা বৃদ্ধি: সংখ্যা, পরিমাণ ও সময়ে অল্প দিয়ে অনেক কিছু করে ফেলা; অল্প থেকে অনেক বেশি হয়ে যাওয়া কিংবা ক্রমান্বয়ে বৃদ্ধি ও বিকাশ লাভ করা।
৩. পানি জমে থাকার স্থান: আরবি ভাষায় জলাশয় বা পুকুরকে ‘বিরকাহ’ বলা হয়। পুকুর বা জলাশয়ে যেমন পানি স্থির ও জমে থাকে এবং শুকিয়ে যায় না, তেমনি এর অর্থ হলো কল্যাণ অব্যাহত থাকা।
ইসলামের পরিভাষায় বারাকাহ বলতে বোঝায়, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুতে এমন অদৃশ্য প্রাচুর্য ও কল্যাণ দান, যা বাহ্যিক দৃষ্টিতে পরিমাণে কম হলেও এর উপকারিতা, স্থায়িত্ব ও প্রবৃদ্ধি অনেক বেশি।
একজন মুমিনের জীবনের সব ক্ষেত্রেই বারাকাহর প্রয়োজন রয়েছে। বারাকাহ শুধু টাকা-পয়সা বা অর্থকড়ির নাম নয়; বরং রিজিক, রোজগার, সম্পদ, সময়, জীবন, জ্ঞান, গবেষণা, প্রজ্ঞা, স্বাস্থ্য, পরিবার, সন্তান-সন্ততি, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্র ও উম্মাহ—প্রত্যেক ক্ষেত্রে সার্বিক কল্যাণ লাভ করা এবং সব ধরনের অকল্যাণ থেকে বেঁচে থাকাই প্রকৃত বারাকাহ।
রিজিকে বারাকাহ: মহান রব প্রতিদিন যে রিজিক দেন, তা খেয়ে পরিতৃপ্ত হওয়া, অল্পতেই পেট ভরে যাওয়া এবং অল্প খেয়েই পরিপূর্ণ স্বস্তি ও শক্তি অর্জন করা। পাশাপাশি অসুখ-বিসুখ থেকে বেঁচে থাকা এবং শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাওয়া।
জীবিকায় বারাকাহ: মহান রব যে কর্ম দিয়েছেন—ব্যবসা, কৃষিকাজ, চাকরি বা নিজস্ব অন্যান্য কাজ—প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করা। পাশাপাশি তা থেকে যা রোজগার হয়, তা দিয়েই পরিপূর্ণভাবে স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী সবার হক যথাযথভাবে আদায় করার সামর্থ্য অর্জন করা।
সম্পদে বারাকাহ: আয় অনুযায়ী সংসারের সব প্রয়োজন ও চাহিদা সুন্দরভাবে মিটে যাওয়া, ঋণমুক্ত থাকা এবং দান-সদকা করার তৌফিক লাভ করা। এর বিপরীতে কোটি কোটি টাকা আয় করেও অশান্তিতে পড়ে থাকা কিংবা চিকিৎসা ও অন্যান্য বিপদ-আপদে সব উপার্জন শেষ হয়ে যাওয়া বরকতহীনতার চিত্র তুলে ধরে।
সময়ে বারাকাহ: অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও ভালো কাজ সম্পন্ন করতে পারা।
জ্ঞানে বারাকাহ: খুব সহজেই অনেক জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞান অনুযায়ী নিজে আমল করা এবং অন্যদের মধ্যে সেই জ্ঞান ছড়িয়ে দেওয়া সহজ হয়ে যাওয়া—যাতে ওই জ্ঞান দ্বারা সমাজ, দেশ ও উম্মাহ উপকৃত হয়।
হায়াত বা জীবনে বারাকাহ: জীবদ্দশায় বেশি বেশি এমন নেক কাজ করতে পারা বা ভালো কাজে অবদান রেখে যাওয়া, যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে এবং মৃত্যুর পর কবরেও এর সওয়াব পাওয়া যায়।
স্বাস্থ্যে বারাকাহ: শরীর ভালো থাকা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, নীরোগ থাকা, শরীরে রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হওয়া এবং অল্প পরিশ্রমেই দুর্বল হয়ে না পড়া।
পরিবার ও সন্তান-সন্ততিতে বারাকাহ: পরিবারে শান্তি ও ভালোবাসা বজায় থাকা, একে অপরের প্রতি সহযোগিতা করা এবং সন্তানেরা জ্ঞানী, নেককার ও আদর্শবান হয়ে গড়ে ওঠা।
সমাজ-রাষ্ট্রে বারাকাহ: সমাজ ও রাষ্ট্রে সম্মানের সঙ্গে বেঁচে থাকা এবং ইমান, আমল ও জীবনকর্ম—সবকিছু সহজ হয়ে যাওয়া।
মহান আল্লাহ আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন।