মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:৫১

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ

আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হওয়ার কথা ছিল এই সিরিজটি। কিন্তু দলের বর্তমান যে অবস্থা, তাতে বিশ্বকাপের প্রস্তুতির চেয়ে পুরো ৫০ ওভার ব্যাট করা এবং দলের ভবিষ্যৎ পথরেখা খুঁজে বের করাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাঝে চারটি টেস্ট ম্যাচের ব্যস্ততায় ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স অনেকের স্মৃতিতে কিছুটা আবছা হয়ে যেতে পারে। তবে এই সংস্করণে দলের অবস্থা এতটাই খারাপ যে, গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। তবু সমস্যার সমাধান হয়নি। গত মাসে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সে কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আনা হয়েছে।

গত বছর ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ এবং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে সরাসরি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছিল। তবে ঘরের মাঠের উইকেট, দুর্বল প্রতিপক্ষ কিংবা কখনো নাহিদ রানার মতো কারও একক নৈপুণ্যেই মূলত সেসব সিরিজ জিতেছিল দল। দেশের বাইরে গেলেই ওয়ানডেতে বাংলাদেশের দুর্বল চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বিদেশের মাটিতে সর্বশেষ ১২ ম্যাচে মাত্র দুটি জয়ই এর প্রমাণ।

যেকোনো সংস্করণেই বোলিং এখন বাংলাদেশের মূল শক্তি। কিন্তু বাকি দুই সংস্করণের মতো ওয়ানডেতেও দলকে ভোগাচ্ছে ব্যাটিং। সর্বশেষ ৫ ম্যাচের কোনোটিতেই আড়াই শ রান পার করতে পারেনি বাংলাদেশ। বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটে এই পরিসংখ্যানই দলের অসহায়ত্ব তুলে ধরে। শুধু তা-ই নয়, এই ৫ ইনিংসের ৪টিতেই অলআউট হয়ে যাওয়ায় পুরো ৫০ ওভারও খেলতে পারেনি দল।

তবে দলের জন্য একটি স্বস্তির খবর হলো, চোটের কারণে সর্বশেষ দুই সিরিজে খেলতে না পারা অধিনায়ক লিটন দাস এই সিরিজে ফিরছেন। ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসার পর এক বছর ধরে বড় কোনো ইনিংস খেলতে না পারলেও তার ব্যাটে ভরসার আভাস মিলেছে। সর্বশেষ চার ইনিংসের দুটিতে ফিফটি পাওয়া লিটনের কাছে তাই এই সিরিজেও বড় কিছুর প্রত্যাশা থাকবে।

মিডল অর্ডারে লিটন ভরসা জোগালেও ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কাটছে না। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ রানের জুটি গড়তে পেরেছেন ওপেনাররা। ব্যর্থতার কারণে গত সিরিজের তিন ওপেনারের দুজনকেই এবার বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ ইনিংসে ৬ নম্বরে নেমে ফিফটি করা পারভেজ হোসেনের সঙ্গে ওপেনিংয়ের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈমকে। তানজিদ হাসানের সঙ্গে তাদের দুজনের কারও জুটি গড়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে প্রধান নির্বাচক একে একটি ‘এক্সপেরিমেন্ট’ বা পরীক্ষা বলে দাবি করেছেন। এই পরীক্ষা ব্যর্থ হলে কী হবে, তা নির্বাচকদেরও জানা নেই। আপাতত তানজিদ, পারভেজ ও নাঈম আস্থার প্রতিদান দেবেন—সেই আশাতেই রয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কাজটা যে কত কঠিন, তা টেস্ট সিরিজেই টের পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের গতি ও বাউন্সের চ্যালেঞ্জে তারা রীতিমতো হাবুডুবু খেয়েছেন। টেস্ট সিরিজের ১০ ক্রিকেটার ওয়ানডে দলেও থাকায় সেই দুঃস্মৃতি তাদের তাড়া করতে পারে। তবে অতীতের সুখস্মৃতিও প্রেরণা জোগাতে পারে দলকে। ২০২২ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, যা এই সংস্করণে দলের অন্যতম সেরা সাফল্য। দুই দলের মধ্যে সেটিই ছিল সর্বশেষ ওয়ানডে সিরিজ। ফলে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের ট্রফি এখনো বাংলাদেশের কাছেই আছে। এবার তেমন কিছু না হলেও অন্তত ভালো খেলার প্রত্যাশা থাকবে; যদিও বর্তমান পরিস্থিতিতে ‘ভালো’ খেলার মানদণ্ড ঠিক করাটাই কঠিন হয়ে পড়েছে।

খবরটি শেয়ার করুন