ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ আটবার শিরোপা জিতে পুরস্কারটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবে শুধু পুরস্কার জিতেই নয়, বিজয়ী নির্বাচনেও সক্রিয় ভূমিকা রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সম্প্রতি ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে মেসির অংশ নেওয়া মোট ১১টি ভোটের পর্যালোচনা প্রকাশ করা হয়েছে। সেখানে উঠে এসেছে তার পছন্দের সেরা ফুটবলারদের তালিকা।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরের জুরি বোর্ডে ভোট দিয়েছিলেন মেসি। এরপর ২০২১ সাল থেকে তিনি অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ‘কোপা ট্রফি’ নির্বাচনের ভোটেও অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ভোটের নিয়ম অনুযায়ী প্রথম পছন্দের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দের জন্য ৩ পয়েন্ট এবং তৃতীয় পছন্দের জন্য ১ পয়েন্ট দেওয়া হয়।
ব্যালন ডি’অরের ভোটে মেসি একচেটিয়াভাবে সেই সব খেলোয়াড়কেই বেছে নিয়েছিলেন, যারা বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ ছিলেন। এর মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন মেসির সবচেয়ে নিয়মিত পছন্দ। তার পাঁচবারের ভোটের প্রতিবারই ইনিয়েস্তা সেরা তিনে ছিলেন এবং দুবার প্রথম হন। এ ছাড়া ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের পর মেসির ভোটটি ছিল অন্যতম তাৎপর্যপূর্ণ। সেবার তিনি অ্যাঞ্জেল ডি মারিয়াকে প্রথম এবং হাভিয়ের মাশ্চেরানোকে তৃতীয় স্থানে রেখেছিলেন।


