মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৪৭

ব্রেকিং নিউজ

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই। বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে দেখা গেছে, ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন তিনি। এই সময়ে ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার, অর্থাৎ গড়ে প্রতি তিন দিনে একবার। সব মিলিয়ে আকাশপথে পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল এবং উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, যা প্রায় ৯ দিনের সমান।

গত ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর থেকে এই ১১৫ দিনে সফরগুলো করেন ইনফান্তিনো। এর আগে ২০২৫ সালের একই সময়ে তিনি ১৮টি দেশ সফর করেছিলেন। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। এক দেশ থেকে আরেক দেশে ঘুরে কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো মাঠ উদ্বোধন কিংবা টুর্নামেন্টে উপস্থিত হচ্ছেন তিনি। এতে সমালোচকদের মনে প্রশ্ন উঠেছে, এসব সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এবং আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় তিনি নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন কি না।

বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর পোস্ট, উড়োজাহাজের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে এসব সফরের হিসাব বের করেছে। কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত ব্যক্তিগত বিমান ব্যবহার করেন ফিফা সভাপতি। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজ ফিফার অন্যতম পৃষ্ঠপোষক। সফরের সংখ্যা নিয়ে ফিফা কোনো আপত্তি না তুললেও জানিয়েছে, সব ভ্রমণই তাদের নিয়ম মেনে করা হয়েছে। তবে এসব বিমানের খরচ কে বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসি স্পোর্টকে বলেছেন, ইনফান্তিনোর এই সফরগুলো ‘তার প্রচারণারই অংশ’। মাদুরোর ভাষায়, ‘সমস্যা হলো, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে যেতে পারেন, অথচ পরোক্ষভাবে সেটি তার নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে তার বিপক্ষে যারা নির্বাচন করবেন, তাদের পক্ষে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে প্রমাণ করা কঠিন।’

অন্যদিকে উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন প্রশ্ন তুলেছেন, ইনফান্তিনো এখন কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেসব প্রতিশ্রুতির শর্ত কী? তার ভাষায়, ‘এই সফরগুলোর খরচ কত এবং কে দিচ্ছে? ফুটবল সম্প্রদায়ের ওপর এর প্রভাব কী? ফিফার অর্থে ব্যক্তিগত বিমান ব্যবহার করা হলে সেই অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করাই কি ভালো হতো না?’

কিছুদিন আগেও ইনফান্তিনোর অবস্থান বেশ নড়বড়ে মনে হচ্ছিল। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামের একটি পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরে পরিকল্পনাটি বাতিল হয়। তবে বাতিলের আগে ২১১ সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে ইনফান্তিনো জানিয়েছিলেন, প্রস্তাবটি সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) পাবে।

ইনফান্তিনোর সাম্প্রতিক সফরগুলোর মধ্যে রয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি পর্যায়ের সভা ও বয়সভিত্তিক টুর্নামেন্টে যোগ দেওয়া। প্যারিসে ই-স্পোর্টস বিশ্বকাপে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও উপস্থিত ছিলেন তিনি।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে দেখা করে উন্নয়ন পরিকল্পনায় ফিফার সমর্থনের প্রতিশ্রুতি দেন ইনফান্তিনো। পরে লাটভিয়া সফরে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন। এ ছাড়া গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা এএফএএন কাপের ফাইনালে গিয়ে বাংলাদেশসহ ১৭টি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের সমর্থন ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, ‘একসঙ্গে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাব।’ সম্প্রতি ম্যানিলা সফরে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং মালয়েশিয়া ও ফিলিপাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে গানও গেয়েছেন ফিফা সভাপতি।

খবরটি শেয়ার করুন