বীমা খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে উদ্যোগ নেওয়ার পর প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অনিয়মের সুযোগ নেওয়া একটি গোষ্ঠী এখন সংস্কার উদ্যোগের বিরোধিতা করছে। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের বীমা দাবির অর্থ পরিশোধ করছে না, অথচ নিজেদের সম্পত্তি কেনা ও বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। এমনকি বীমার অর্থও ব্যক্তিগত বিনিয়োগে ব্যবহার করা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতে হলে শুধু একটি জায়গায় খরচ কমালে হবে না। সংশ্লিষ্ট সব খাতের ব্যয় কমাতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লেনদেনের তথ্যের সঙ্গে বীমা খাত, বাংলাদেশ ব্যাংকসহ প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদানে আন্তসংযোগ তৈরি করা হচ্ছে।
বীমা খাতের পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইনস্যুরেন্স সেক্টরে কাজ করতে গিয়ে দেখলাম, ব্যাংকিং খাতের চেয়ে পরিস্থিতি ভালো নয়। ব্যাংকিং ব্যবস্থা যে অবস্থায় গেছে, বীমা খাতও একই জায়গায় চলে গেছে। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের ক্লেইম পরিশোধ করছে না, অথচ নিজেরা সম্পত্তি কিনছে। বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, ব্যক্তিগত বিনিয়োগ করছে, আবার বীমার টাকাও বিনিয়োগ করছে।’
তিনি বলেন, ‘এখন আমরা যখন এখানে হাত দিয়েছি, তখন সব প্রভাবশালী লোকজন আবার বাধা দিতে শুরু করেছে। কারণ, তারা দীর্ঘদিন ধরে এসব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।’
অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের এসব অনিয়ম বন্ধ করতে হলে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শুধু আলাদা আলাদা ডিজিটাল ব্যবস্থা গড়ে তুললে হবে না, সেগুলোর মধ্যে কার্যকর আন্তসংযোগ থাকতে হবে। প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান করা গেলে নজরদারি বাড়বে এবং অনিয়মের সুযোগ কমবে।
তিনি বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল-টাইমে পরিচালিত হচ্ছে। বৈশ্বিক বিনিয়োগের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকেও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে ব্যবসার খরচ ও সময় কমবে, স্বচ্ছতা বাড়বে এবং সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে।
এ জন্য লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্যের সমন্বয় ও লেনদেন পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। ব্যবসার খরচ কমলে শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পাবেন। এ জন্য ঋণের সুদহার কমানো, বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করা এবং আমদানি-রপ্তানির নথিপত্র ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গভর্নর জানান, বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর কাজ চলছে। এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে লেনদেন সম্পন্ন করা যাবে। আগামী এক মাসের মধ্যে ব্যবস্থাটি চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এলসির নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদান করা গেলে আন্তর্জাতিক কুরিয়ার খরচ ও সময় কমবে।
তিনি বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে।