মূল লেখায় যান
এই সময়

দুপুর ২:৪৬

আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, কোন ইউনিটে কত প্রতিযোগী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, কোন ইউনিটে কত প্রতিযোগী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ শনিবার (২৮ নভেম্বর) শেষ হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের পাশাপাশি আইবিএ ইউনিটের জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি; এখানে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৩৪৫ জন আবেদন করেছেন, যা আসনপ্রতি ২৭ দশমিক ৯৪টি। এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪৩৯ জন (আসনপ্রতি ৪১ দশমিক ৮৩টি) এবং আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ১২৪ জন (আসনপ্রতি ৮৪ দশমিক ৩৬ জন) শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৬ ডিসেম্বর শেষ হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। তবে বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকার পাশাপাশি বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে নেওয়া হবে।

বিষয়:ঢাবি

খবরটি শেয়ার করুন