মূল লেখায় যান
এই সময়

রাত ৯:০৫

ব্রেকিং নিউজ

উপাচার্য সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে ফের শাটডাউন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
উপাচার্য সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে ফের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। আলোচনা সভা শেষে রাত ২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। কিন্তু চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

এদিকে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।

বিষয়:চুয়েট

খবরটি শেয়ার করুন