কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে ‘চিংড়ি মাছ খাওয়ার পর’ অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি খাওয়ার পর হঠাৎ তার অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল বলে সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।





