মূল লেখায় যান
এই সময়

রাত ৮:১৩

ব্রেকিং নিউজ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ

কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় স্পষ্ট হয়ে উঠেছে শীতের আগমনী বার্তা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি ঢাকা পোস্টকে জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।

তাপমাত্রা নেমে আসায় জনজীবনে শীতের প্রভাব বাড়ছে। তবে শীতের এই মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমছে।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি ধরে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে। দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকে না। দুপুরে রোদ ওঠার পরই মাঠে কাজে যাওয়ার সুযোগ হয়।

এদিকে শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।

অন্যদিকে শীতের এই পরিবর্তন নতুন কর্মব্যস্ততা তৈরি করেছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। গাছ থেকে রস আহরণের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে নল বসানোর কাজ শুরু করেছেন তারা। তাদের আশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন জানান, খেজুরগাছ তোলা তাদের পারিবারিক পেশা। তার বাবা ও দাদারা এই কাজ করতেন এবং এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। অল্প কয়েক দিনের মধ্যে রস সংগ্রহ শুরু হবে জানিয়ে তিনি বলেন, অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বাইরেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

খবরটি শেয়ার করুন