মূল লেখায় যান
এই সময়

বিকেল ৩:৩০

ব্রেকিং নিউজ

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, সরাসরি দেখাবে বিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
জিয়াউলের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ
জিয়াউলের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছাবে এবং এর পরই রায় ঘোষণার দিন ঠিক হবে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপ এবং রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। ফলে দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।

গত রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। জেরার সময় পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও নিজে দেখেননি। আসামিপক্ষ আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবে না বলে জানালে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।

তিন অভিযোগে শতাধিক হত্যার অভিযোগ প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আর তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা এবং সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে।

যেভাবে শুরু হয় বিচার গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

পরবর্তী সময়ে একে একে রাষ্ট্রপক্ষের মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সর্বশেষ ও ১৫তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে গত ১৯ নভেম্বর তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।

কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে তিনি কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন