মূল লেখায় যান
এই সময়

বিকেল ৫:৫০

ব্রেকিং নিউজ

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হবে না: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে অর্থাৎ হায়ার করে অনেক লেখাই লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’

বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসী তো একজনই—আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে তাদেরই বোঝে, যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা কোনো রকেট সায়েন্স না। সন্ত্রাস বলতে বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই চেনে।’

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাওয়ার আগে কলিমা পড়ার চেষ্টা করি। আর এরা জয় বাংলা বলে মরে যায়। এটি এখন তাদের পালানোর আর মরার স্লোগান।’

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি দেশের মানুষের শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:হাসিনা

খবরটি শেয়ার করুন