মূল লেখায় যান
এই সময়

বিকেল ৩:৩৭

ব্রেকিং নিউজ

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের কেন্দ্রীয় কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখানে প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

তিনি বলেন, ‘এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা এবং আপনাদের এত বিশাল টিম আসা—এতে আমাদের মিডিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সবারই সময় নষ্ট হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামি এবং আরও যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা যদি আসে, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’

১৬ ও ১৭ ডিসেম্বর নিয়ে আলোচনার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি একটি পলিটিক্যাল স্টান্ট, যার কোনো মানে হয় না। তিনি বলেন, ‘ভাই, আসুক না; তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অবস্থান স্পষ্ট।’ তিনি আরও বলেন, সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন; এখন খামাখা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছেন।

শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘উনি কোথায় আছেন সেটাই তো মানুষ জানে না, কেউ জানে না। আপনারা তো সাংবাদিকতা করছেন, উনি পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখিনি। এখন উনি কোথায় কী যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’

ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিষয়ে শামা ওবায়েদ জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা বিভিন্ন খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে ও খুনের নির্দেশ দিয়েছে, তাদের মধ্যে যেসব সাজাপ্রাপ্ত আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ’৭২-এর সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে কেউ যদি দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) হয়ে থাকেন, বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেবে না। এটি সংবিধানে আছে, সুতরাং এর ব্যত্যয় হবে না।

খবরটি শেয়ার করুন