আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল।

আজ বেলা ১১টা ১৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। শুনানির পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না করে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রাখা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলা-সংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। তারও আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।