মূল লেখায় যান
এই সময়

বিকেল ৫:১০

ব্রেকিং নিউজ

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে জনপ্রিয় গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে জনপ্রিয় গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার সংগীত দলের আরও চার সদস্যকে। পাশাপাশি তাদের সংগীত ও শিল্পচর্চায় দুই বছরের নিষেধাজ্ঞা এবং বিদেশ ভ্রমণেও দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পারাস্তু ও তার দলের আইনজীবী জানিয়েছেন, সোমবার (২৩ নভেম্বর) ইরানের কোম শহরের প্রসিকিউটর কার্যালয়ের দণ্ড কার্যকরকারী বিভাগে তাদের এই শাস্তি কার্যকর করা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি একটি কনসার্টের ভিডিও ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। ‘ইমাজিনারি কনসার্ট’ নামে পরিচিতি পাওয়া ওই ভিডিওতে হিজাব ছাড়া ও কাঁধ খোলা পোশাকে নয়টি ফারসি গান পরিবেশন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ সংগীতশিল্পী।

নিজের এই সংগীত পরিবেশনাকে প্রতিবাদের অংশ হিসেবে তুলে ধরেছিলেন পারাস্তু। ভিডিওটি প্রকাশের সময় তিনি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, এমন একজন মেয়ে, যে তার প্রিয় মানুষদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারি না।’

ভিডিওটি প্রকাশের পর ইরানের উত্তরাঞ্চলীয় সারি শহর থেকে তাকে আটক করা হয়েছিল। তবে ব্যাপক জনরোষের মুখে কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয়।

অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করেন কোমের একটি ফৌজদারি আদালত। পরে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন। গত অক্টোবরে পারাস্তু ও তার সহযোগীদের বেত্রাঘাতের শাস্তি কার্যকর না করতে ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের জনসমক্ষে একক সংগীত পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে অনেক নারী সংগীতশিল্পী দেশ ছাড়তে, ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে কিংবা সংগীতচর্চা বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বিষয়:ইরান

খবরটি শেয়ার করুন