মাত্র ১২ দিনের ব্যবধানে তুরস্কে আবারও সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচজন বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।” বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ফ্রান্সের তৈরি এএস-৫৩২ কুগার সিরিজের। এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পরই প্রদেশটির তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়ে পড়ে। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে বিশাল একটি খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহনগুলোকে অবস্থান করতে দেখা গেছে।




