কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গতকাল সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে দ্বীপের বিভিন্ন রিসোর্টে মোবাইল কোর্টের এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচ কর্মীরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে রিসোর্টগুলোর পরিবেশগত অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় ‘সেন্ট ক্যাসেল’ রিসোর্টে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। রিসোর্ট কর্তৃপক্ষ প্রথমে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তী সময়ে সরেজমিন তদন্তে অনিয়মের প্রমাণ শনাক্ত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, পাম্পের মাধ্যমে রিসোর্টটির বর্জ্য সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

