মূল লেখায় যান
এই সময়

বিকেল ৪:৫৯

ব্রেকিং নিউজ

জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়াই শেষ হলো। গত ৯ নভেম্বর প্রায় ২০০ দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে পথনকশার যে আশা ভুক্তভোগী দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি।

তবে সম্মেলনের এই হতাশার মধ্যেও বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে সরকার। গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে এই অর্থ পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বড় অংশ, অর্থাৎ অন্তত ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা) আসবে গ্লোবাল শিল্ড থেকে। আর বাকি ৩ কোটি ডলার (৩৭৩ কোটি টাকা) আসবে সিআইএফ থেকে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, ‘কোনো ধরনের অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া জলবায়ু সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে আমরা সে হতাশার মধ্যে বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছি।’

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন (সাইড-ইভেন্ট) করেছে, যেখানে বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ ছাড়া গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ হয়েছে। সংস্থাটির অধিকাংশ তহবিল পায় ইন্দোনেশিয়া। তাদের কাছ থেকে বাংলাদেশ কীভাবে তহবিল পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে সম্মেলনে গত ১২ নভেম্বর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে দেওয়ার পক্ষে অবস্থান তুলে ধরেন। পাশাপাশি ঋণ নয়, অনুদাননির্ভর সহায়তার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অংশ নেওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, মূল সম্মেলনের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি বর্জন ও ১২০ বিলিয়ন ডলারের বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা তৈরি হলেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাশাপাশি প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাণিজ্যে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক সই, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন এবং ম্যানগ্রোভ সংরক্ষণের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।

সবচেয়ে হতাশার জলবায়ু সম্মেলন এবারের সম্মেলনের খসড়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জীবাশ্ম জ্বালানি কমানোর বিষয়টি যুক্ত করার পক্ষে অবস্থান নিলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরে কী পরিমাণ অর্থসহায়তা দেবে, তা স্পষ্ট করেনি।

ইউরোপের এই ভূমিকা সম্পর্কে সম্মেলনে অংশ নেওয়া বেসরকারি সংস্থা ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে ঠিকই, কিন্তু অভিযোজন ও জ্বালানির ন্যায্য রূপান্তরে অর্থায়ন করতে অস্বীকার করেছে। এটি স্ববিরোধিতা। সব মিলিয়ে এটি সবচেয়ে হতাশাজনক জলবায়ু সম্মেলন।

সোহানুর মনে করেন, বাংলাদেশের উপকূলের লবণাক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করতে কত অনুদান পাওয়া যাবে এবং একটি কারখানা পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিকের আয় সুরক্ষা ও প্রশিক্ষণের খরচ কে দেবে—এসব বিষয়ে ইইউসহ উন্নত দেশগুলোর কাছে জবাব চাওয়া দরকার।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে শিল্পোন্নত দেশগুলো নিজেদের ঐতিহাসিক দায় এড়াতে পারে না। পাশাপাশি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মতো দেশ এবং সৌদি আরব ও কুয়েতের মতো তেল রপ্তানিকারক দেশগুলোকেও নিজ নিজ কার্বন নিঃসরণ ও আর্থিক সামর্থ্য অনুযায়ী জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবদান রাখতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ উন্নত দেশগুলোর নেতৃত্বে বিভিন্ন উৎস থেকে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার জোগাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। পরের বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। এবারের জলবায়ু সম্মেলনের একটি খসড়ায় অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য উল্লেখ করা হয়েছিল। তবে গত ২০ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংশোধিত খসড়ায় ওই অঙ্ক আর রাখা হয়নি।

খবরটি শেয়ার করুন