কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে এবং হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে—তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া ও মানুষকে পুড়িয়ে ফেলা—এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করেন না, খালেদা জিয়াও কখনো করেন না।’
রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধী দলের নেতাও গত কয়েক দিন আগে পার্লামেন্টে বলেছেন, আপনারা শুনেছেন। সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’
তিনি আরও জানান, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল এবং দেশের জনগণ যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে নামিয়েছে, ঠিক একইভাবে বিজয়ের মাস আগামী ডিসেম্বরেও সারা মাস নাটোরের জনগণকে নিয়ে তারা রাস্তায় থাকবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতারা।