ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘুরে গেছেন সেখানে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) একটি সাদা গাড়িতে করে সেখানে পৌঁছান তারা এবং প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, এ সময় ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের ওই নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
ওই চার নেতার এ সফর এমন সময়ে হলো, যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশে আলোচনা রয়েছে। পাশাপাশি তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। ফলে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।




