আগামী শিক্ষাবর্ষে দেশের স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আজ সোমবার (২৩ নভেম্বর) সভায় বসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করে থাকে। এটি বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পাশাপাশি পুনর্ভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কি না, সে বিষয়েও সভায় আলোচনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।
এদিকে সারা দেশের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।
রোববার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নির্দেশিকায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ চলবে।