চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
ওই সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বলেছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আবেদন করেছেন, যাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এই সাড়ে তিন লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষা নেওয়ার কথা জানায়। সেই অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর ২০২৬ আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।